বৃহস্পতিবার,২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা-বাবা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০২৬


ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় হোমনায় মাদকাসক্ত ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে নিজের ছেলেকেই পুলিশের হাতে তুলে দিয়েছেন মা-বাবা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। শাস্তিপ্রাপ্ত হাবিবুল্লাহ (২৭) ওই গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলাকান্দি গ্রামের হাবিবুল্লাহকে স্থানীয়দের সহযোগিতায় আটকে রাখে তার পরিবার। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছেরকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে হাবিবুল্লাহকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনার এসিল্যান্ড আহমেদ মোফাচ্ছের জানান, দীর্ঘদিন ধরে হাবিবুল্লাহ মাদকের টাকার জন্য এবং মাদক সেবন করে তার মা-বাবা সহ পরিবারের অন্য সদস্যদেরকে মারধর করে আসছে। এই ঘটনায় তার মা- বাবা অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। আজও সে মাদক সেবন করে তার মা-বাবাসহ অন্যদের অত্যাচার করলে তারা তাকে আটক করেন।

পরে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে সে তার অপরাধ স্বীকার করে। এই ঘটনার সত্যতা পেয়ে তাকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি