মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


চাঁদপুরের কচুয়ায় ত্রিমুখী সংঘর্ষে কুমিল্লার ছেলে নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০২৬


ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের কচুয়া-হাজীগঞ্জ-গৌরিপুর আঞ্চলিক সড়কে মাইক্রোবাস ও পিকআপের চাপায় ইব্রাহিম হোসেন সাগর (২৭) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শাহাদাত হোসেন (২৯) নামের অপর একজন গুরুতর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কচুয়া উপজেলার ডুমুরিয়া এলাকার ব্রিজসংলগ্ন স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম হোসেন সাগর কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শাসনগাছা (আড়াইউরা) গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

এ ছাড়া তার নানার বাড়ি কচুয়া পৌরসভার কড়ইয়া গাজী বাড়ির আব্দুল খলিলের পরিবারে। আহত শাহাদাত হোসেন কচুয়া উপজেলার করইশ গ্রামের কালা গাজী প্রধানীয়া বাড়ির মিজানুর রহমানের ছেলে। বর্তমানে তিনি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানান, হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ও একটি পিকআপ বেপরোয়া গতিতে কচুয়ার দিকে আসছিল।

ডুমুরিয়া এলাকায় ব্রিজ সংলগ্ন স্থানে এসে গাড়ি দুটি একে অপরকে ওভারটেক করার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইব্রাহিম হোসেন সাগরের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত শাহাদাতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

জানা যায়, সাগর তার মামার ‘সুরমা’ গাড়িতে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক মাইক্রোবাস ও পিকআপ জব্দ করেছে। মরদেহ থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি