
স্টাফ রিপোর্টার:
আজ রাত থেকে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপ ফুটবল-২০২৬। আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ।
বাংলাদেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও প্রতিটি আসরে সারা দেশজুড়ে ফুটবল উন্মাদনায় মেতে থাকে এদেশের জনগণ। এবারের বিশ্বকাপ নিয়ে সেরকম উন্মাদনা বিরাজ করছে কুমিল্লা জেলাজুড়ে।
বিশ্বকাপের উদ্বোধনী থেকে শুরু করে ফাইনাল খেলা পর্যন্ত প্রতিটি ম্যাচ উপভোগ করার জন্য কুমিল্লা নগরীর ঐতিহাসিক টাউন হল মাঠে বড়পর্দায় খেলা দেখার আয়োজন করেছেন কুমিল্লা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
কুমিল্লা টাউন হল মাঠে অন্তত ১৪/ থেকে ১৫ হাজার মানুষ এ খেলা উপভোগ করতে পারবে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, কুমিল্লাবাসী ফুটবল প্রেমি। তারা এখন মজে আছে মেসি, নেইমার রোনালদো ও এমবাপ্পেকে নিয়ে। আজ থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের উত্তেজনা, প্রিয় দলের খেলা এবং রোমাঞ্চকর প্রতিটি মুহূর্ত একসাথে উপভোগ করতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে চলে আসুন টাউন হল মাঠে। আনন্দ, উচ্ছ্বাস এবং বিশ্বকাপের আবহে মুখরিত হবে পুরো প্রাঙ্গণ। আসুন, একসাথে উপভোগ করি ফুটবল বিশ্বের সর্ববৃহৎ মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬।

















































