স্টাফ রিপোর্টারঃ
বিশ দলীয় দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া। বৈঠকে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ সমাবেশের মত সিরিজ কর্মসূচি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে সার্বিক অবস্থা বিবেচনা করে এই মুর্হূতে হরতালের মত কর্মসূচি থেকে বিরত থাকতে চায় জোট। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ব্যাপারে বৈঠকে জোটের শীর্ষ নেতারা তাদের দলের পক্ষে মতামত দিয়েছেন। কর্মসূচির বিষয়ে আজকালের মধ্যে গণমাধ্যমকে জানানো হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে বের হয়ে জোটের নেতাদের সঙ্গে আলাপকালের এসব কথা জানা গেছে। এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাতীয় পার্টি (জাফর) ড. টিআই এম ফজলে রাব্বী চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)প্রধান শফিউল আলম প্রধান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান খান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ইসলামিক পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার সায়েদুল হাসান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মুফতি ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের (ডিএল) মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, সাম্যবাদী দলের চেয়ারম্যান সাঈদ আহমেদ।























































