পূর্বাশা ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানরত গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট-এক্সপো (জিএসএসডি-এক্সপো) এর সমাপনী উৎসবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিশনারি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। আজ ২১ নভেম্বর শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় শেখ হাসিনার পক্ষে এটি গ্রহণ করবেন তার পুত্র প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদষ্টো সজীব ওয়াজেদ জয়। ডিজিটাল ব্যবস্থায় বাংলাদেশকে অগ্রগতির পথে এগিয়ে নেয়া এবং শিক্ষার প্রসারে বৈপ্লবিক ধ্যান-ধারনার সমন্বয়ের জন্যে ব্যক্তি শেখ হাসিনাকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়েছে বলে জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জিএসএসডি-এক্সপো-২০১৪ এর প্রেসিডেন্ট ড. এ কে এ মোমেন।
ড. মোমেন উল্লেখ করেন, এবার মানবতার কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে আরেও ৬ ব্যক্তি ও রাষ্ট্রকে অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। এরমধ্যে দক্ষিণ কোরিয়া, অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস, ইউএনডিপি, ল্যাটিন আমেরিকান সাউথ সাউথ কান্ট্রিজ এসোসিয়েশনও রয়েছে।
এদিকে, মেধা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্বকে এগিয়ে নেয়ার প্রত্যয়ে শতাধিক দেশের মন্ত্রী, কূটনীতিক, নীতি-নির্ধারক, শীর্ষস্থানীয় এনজিও ব্যক্তিত্ব, সমাজ সংগঠক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, অর্থনীতিবিদ, জাতিসংঘের সকল সংস্থার শীর্ষ কর্মকর্তাসহ ৫ শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১৭ নভেম্বর সোমবার শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘গ্লোবাল সাউথ সাউথ ডেভেলপমেন্ট-এক্সপো’ (জিএসএসডি-এক্সপো)।
এক্সপো সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের সময় বাংলাদেশে তৃণমূলে তথ্য প্রযুক্তি প্রসার, সর্বজনীন শিক্ষাব্যবস্থার প্রবর্তন, সর্বসাধারণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সমাজে অবহেলিত মানুষের জীবনধারার মানোন্নয়ন ও দারিদ্র বিমোচনে অগ্রগতির জন্য সাউথ-সাউথ কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট এক্সপো-২০১৪’র এই ‘ভিশনারি অ্যাওয়ার্ড’ পাবার যোগ্যতা অর্জন করেন শেখ হাসিনা।
দারিদ্য বিমোচন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং জনসংখ্যার সুব্যবস্থাপনা, শিক্ষার প্রসার, লিঙ্গ সমতা এবং নারী ক্ষমতায়ন, জ্বালানী, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং অবকাঠামোগত উন্নয়ন নিয়ে স্ব স্ব ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্নরা বিভিন্ন ফোরামে আলোচনা করছেন এ এক্সপোতে। ‘২০১৫ পরবর্তী বিশ্বকে কীভাবে দেখতে চাই’-সে আলোকে সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন সেক্টরের কর্মকর্তারাও মতামত ব্যক্ত করছেন। ‘অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস’ (ওএএস) এবং জাতিসংঘের ‘সাউথ সাউথ কো-অপারেশন’ অফিস যৌথভাবে বার্ষিক এ এক্সপোর আয়োজন করেছে। ২০০৮ সাল থেকে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী বার্ষিক এ সমাবেশ হয়ে আসছে। এবারের সমাবেশটি হলো সপ্তম এক্সপো।
প্রসঙ্গত, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ এবং প্রযুক্তিগতভাবে দক্ষিনের দেশগুলোর সামগ্রিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার দিগন্ত বিস্তৃত করার অভিপ্রায়ে ২০০৮ সালে জাতিসংঘে সাউথ সাউথ কো-অপারেশন অফিস স্থাপন করা হয়। প্রতি বছরের সমাবেশে উন্নত বিশ্বের উন্নয়ন পরিক্রমার অভিজ্ঞতা অবহিত হয়ে উন্নয়নশীল বিশ্বে সেই ধারা প্রবাহিত করার ক্ষেত্রে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম বলে সংশ্লিষ্ট মন্তব্য করেন। এনআরবি নিউজ।






















































