বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আমিরের টার্মিনেটর দেখার অনুভূতি


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.১১.২০১৪

পূর্বাশা ডেস্কঃ

দিল্লিতে চলমান হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটের একটি অধিবেশনে কথা বলতে গিয়েছিলেন আমির খান। সেখানে শৈশবের প্রিয় তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের সঙ্গে দেখা হয়ে যায় তার। ‘টার্মিনেটর’ তারকাকে কাছে পেয়ে যারপরনাই আনন্দিত তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ২১ নভেম্বর ধারাবাহিক কয়েকটি বার্তায় শোয়ার্জনেগারের সঙ্গে সাক্ষাতের ঘটনা উল্লেখ করেন আমির। ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘হিন্দুস্তান টাইমস কর্মকর্তাদেরকে জানিয়ে রেখেছিলাম,  তার সঙ্গে দেখা করতে চাই। আমার ইচ্ছার কথা তাকে জানানো হয়। এরপর আর্নল্ডকে আমার কক্ষে নিয়ে আসেন তারা। আমি দরজায় তাকিয়েছিলাম। একসময় দেখলাম দরজা খুলে টার্মিনেটর আমার কক্ষে আসছেন! এটা আমার জন্য এক অদ্ভূত অনুভূতি।’ যোগ করে তিনি আরও বলেন, ‘পর্দায় যতোই ঢিসুমঢাসুম করুন না, বাস্তবে এই ভদ্রলোক খুব শান্ত মনের, প্রাণবন্ত ও বন্ধুভাবাপন্ন।

টুইটারে আমিরের অনুভূতিগুলো নজর এড়ায়নি শোয়ার্জনেগারের। তাই ৬৭ বছর বয়সী এই তারকা লিখেছেন, ‘তোমার সঙ্গে চমৎকার কিছু সময় কেটেছে। ব্যবসায়িক সাফল্য ও পুরস্কারের দিক দিয়ে তুমিই সত্যিকারের তারকা।’

হিন্দুস্তান টাইমসের অধিবেশনে করণ জোহর ও দীপিকা পাড়ুকোনকে নিয়ে মূলধারার চলচ্চিত্র ও অন্যান্য প্রসঙ্গে আলোচনা করেন আমির। অন্যদিকে সিলভেস্টার স্ট্যালোনের সঙ্গে তার বহুল চর্চিত পেশাদারি লড়াই নিয়ে কথা বলেন আর্নল্ড শোয়ার্জনেগার। সবশেষে ‘টার্মিনেটর’ ছবির বিখ্যাত সংলাপ ‘আই উইল বি ব্যাক’ বলে বিদায় নেন তিনি। bg_aamir_233537387



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি