ঢাকা আইনজীবী সমিতির সদস্য হলেন রেলমন্ত্রী মো. মজিবুল হকের নববিবাহিত স্ত্রী অ্যাডভোকেট হনুফা আক্তার রিক্তা।
গতকাল রোববার ঢাকা আইনজীবী সমিতির সদস্য হতে ৫ হাজার ৬শ ১৫ টাকা জমা দেন তিনি। ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন জসিম জানান, হনুফা আক্তার বারের সদস্য ফি বাবদ টাকা জমা দিয়েছেন।
এর মাধ্যমে তিনি ঢাকা বারের সদস্য হলেন। এর আগে গত ১১ নভেম্বর হনুফা আক্তার ঢাকা বারের সদস্য হওয়ার জন্য সাক্ষাৎকার দেন। অ্যাডভোকেট হনুফা আক্তার গত ১৮ অক্টোবর বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইন পেশা পরিচালনার জন্য সনদপ্রাপ্ত হন। এবার ঢাকা আইনজীবী সমিতিতে অন্তর্ভুক্তির জন্য ১ হাজার ৩৫২ জন আবেদন করেছেন। ২৩ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সদস্যভুক্তির ফি জমা নেওয়া হবে। ঢাকা বারের সাবেক সিনিয়র সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিন উদ্দিন মানিক বলেন, আইন পেশায় তিনি শিক্ষানবীশ আইনজীবী হিসাবে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী মো. নজীব উল্ল্যাহ হিরুর জুনিয়র হিসাবে কাজ করবেন।























































