নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সমিতি-ঢাকার ঐতিহ্যবাহী বার্ষিক মেজবান ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে এই মেজবান আয়োজিত হয়। মেজবান শুরু হয় বেলা ১১টায়।
মেজবান অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়নে রাজনৈতিক মতভিন্নতা ও আঞ্চলিকতার বাইরে গিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল করিমের সভাপতিত্বে মিলনমেলা অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রেলপথমন্ত্রী মুজিবুল হক, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী, পিকেএসএফেরর চেয়ারম্যান ও অর্থনীতিবিদ ড. খলিকুজ্জামান আহমদ। এ ছাড়াও অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্ণধার, বেসরকারি সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং দেশের বিশিষ্ট ও খ্যাতিমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেজবানে সমিতির পক্ষ থেকে সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন খান দশ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে আছে- চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য আইন চাই, ঢাকা-চট্টগ্রাম প্রচলিত রেললাইনকে ইলেকট্রিক ও ম্যাগনেটিক রেললাইনে রূপান্তর, ঢাকা-চট্টগ্রাম চার লেন বিশিষ্ট মহাসড়কের কাজ ত্বরান্বিত করা, দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণ দ্রুত বাস্তবায়ন চাই, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করা, কক্সবাজারে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলায় পর্যটন শিল্পের উন্নয়নে সুনির্দিষ্ট সরকারি কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ এবং কালুর ঘাটের জরাজীর্ণ রেল সেতু চার লেন বিশিষ্ট করা, চট্টগ্রামে সমুদ্র গবেষণা একাডেমী প্রতিষ্ঠা করা, প্রস্তাবিত ভারত-বাংলাদেশ-মায়ানমার ও চীনের নতুন সিল্ক রোডে চট্টগ্রাম ও কক্সবাজার হয়ে মায়ানমারের মংডু দিয়ে চীনের কুনমিং শহর সংযুক্ত করা।
সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, রাজনৈতিক কিংবা আঞ্চলিকতা নয়, দল-মতনির্বিশেষ সবার ঐক্যমেত্যের ভিত্তিতেই চট্টগ্রামের উন্নয়নে একযোগে কাজ করতে হবে। এর কোনো বিকল্প নেই।
আরো বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান সংস্কৃতিসচিব ড. রণজিৎ বিশ্বাস, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাবেক সচিব আ. ম. ম. নাসির উদ্দিন, হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও সমিতির সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম খান, সাবেক সভাপতি মো. আজিজুল হক চৌধুরী, রেজাউল হক চৌধুরী মুশতাক, আবু আলম চৌধুরী, মেজবান উপ-পরিষদের আহ্বায়ক ও সমিতির সহ-সভাপতি সুলতান মাহমুদ, সদস্য সচিব ও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন চৌধুরী হিরো।
মেজবানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারি, ইলিয়াছ চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এটিএম পেয়ারুল ইসলাম, সৈয়দ নুরুল ইসলাম ও মোঃ মহিউল ইসলাম মহিম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বর্তমান সচিব এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊদ্ধর্তন কর্মকর্তারা।
প্রতিবারের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে ‘চট্টগ্রাম সমিতি পদক’ প্রদান করা হয়। তারা হলেন বিজ্ঞান ও গণিতে ইমেরিটাস প্রফেসর ড. জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), শিক্ষা ও সাহিত্যে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক প্রফেসর ড. মাহমুদ শাহ্ কোরেশী, জনপ্রশাসন ও সমাজসেবায় ইঞ্জিনিয়ার চৌধুরী মোহাম্মদ মহসীন, ক্রীড়া ক্ষেত্রে মোহাম্মদ আকরাম খান, সঙ্গীত সাধনায় আইয়ুব বাচ্চু।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সম্পাদক অশোক বড়ুয়া ও সাইফুদ্দিন আহমেদ বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবি চৌধুরী, রন্টি দাস, সন্দীপন, লালনকন্যা বিউটি, শিমুল খান, ফকির সাহাবুদ্দিন, টিটলি, কান্তা নন্দীসহ খ্যাতনামা শিল্পীরা।


























































