ডেস্ক রিপোর্ট : ঢাকা-চট্টগ্রামসহ দেশের ১৮টি জাতীয় মহাসড়কের ২২৭টি দুর্ঘটনাপ্রবণ স্থানে ৩৫ শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটছে। এর মধ্যে ১৪৪টি স্থানে দুর্ঘটনার ঝুঁকি কমাতে সড়ক ও জনপথ অধিদপ্তর ১৬৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। তবে বাকি ৮৩টি স্থানের ব্যাপারে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মহাসড়ক রক্ষণাবেক্ষণের নীতিমালাও নেই সরকারের। সওজ অধিদপ্তর ও দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে সবচেয়ে ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫টি স্থানে ঝুঁকি না কমানোয় দুর্ঘটনা বাড়ছেই। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী ট্রাক থেকে পানি পড়ে মহাসড়ক নষ্ট হচ্ছে। জেলা প্রশাসন অভিযানের নির্দেশ দিলেও পানি পড়া বন্ধ করা যাচ্ছে না। সওজ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চার লেনের কাজ শেষ না হলে এ দুই মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি কমবে না।
বিশেষজ্ঞরা বলছেন, মানসম্মত সংস্কারকাজ না হওয়ায় অনুপযোগী হয়ে পড়া মহাসড়কের বিভিন্ন অংশে ফিটনেসবিহীন গাড়ির চলাচল দুর্ঘটনার হার ও ভয়াবহতাকে বাড়িয়ে দিচ্ছে। বর্তমানে দেশে ফিটনেসবিহীন গাড়ি আছে তিন লাখ। জেলা থেকে উপজেলা শহরে চলাচলের জন্য অনুমোদন নেওয়া এসব গাড়ি মহাসড়কেও চলাচল করছে।
জানা গেছে, ২০১০ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট (এআরআই) দেশের জাতীয় মহাসড়কগুলোয় ২০৯টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে। পরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় আরো ১৮টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করে। বিশেষজ্ঞরা মোট এই ২২৭টি স্থানকে ব্ল্যাকস্পট হিসেবে চিহ্নিত করেছেন। এসব স্থানের মোট দৈর্ঘ্য ৫৭ কিলোমিটার।
দুর্ঘটনা বিশেষজ্ঞ ড. সামছুল হক বলেন, ব্ল্যাকস্পটগুলোতে ত্রুটি সারানো ও উন্নয়ন জরুরি হয়ে পড়েছে। বাঁকা অংশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় চালকরা অন্য অংশ দেখতে পান না। মোট মহাসড়কের মাত্র ৪ শতাংশে বারবার দুর্ঘটনা ঘটছে।
সওজ অধিদপ্তরের ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের কর্মকর্তা সন্তোষ কুমার রায় বলেন, বাজার এলাকায় পানি জমে থাকায় মহাসড়কের মান নষ্ট হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ কারণে বাজার এলাকায় বিটুমিনের বদলে কংক্রিটের পেভমেন্ট নির্মাণ করা যেতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ শেষ হলে দুর্ঘটনা কমে আসবে।
বি আরটিএ সূত্রে জানা গেছে, বছরে গড়ে দুর্ঘটনাসংক্রান্ত মামলা হচ্ছে চার হাজার। তবে বাস্তবে দুর্ঘটনা ঘটছে গড়ে ১৫ হাজার। দুর্ঘটনার ৩৫ শতাংশই ঘটছে এসব ব্ল্যাকস্পটে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বিশিষ্ট চলচ্চিত্রকার তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনিরসহ অনেকের প্রাণ নিভেছে এসব স্থানে।
দেশের ১৪৪টি ব্ল্যাকস্পটের বাঁকা অংশ সোজা করাসহ বিভিন্ন ত্রুটি সারাতে তিন বছর আগে সড়ক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন (ইমপ্রুভমেন্ট অব রোড সেফটি অ্যাট ব্ল্যাকস্পটস অন ন্যাশনাল হাইওয়ে) নামে একটি প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়। বিভিন্ন প্রক্রিয়ায় ঝুলে থাকার পর গত ১৪ অক্টোবর এই প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের সভায় অনুমোদন পায়। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি টাকা। সওজ সূত্রে জানা গেছে, সরকারের নিজস্ব তহবিল থেকে এ অর্থ জোগান দেওয়া হবে। ২০১৬ সালের মধ্যে এই কাজ শেষ হবে। ঝুঁকিপূর্ণ ৫৭ কিলোমিটারের মধ্যে এ প্রকল্পে ২৮ কিলোমিটারের উন্নয়ন করা হবে।
দুর্ঘটনাপ্রবণ ১৪৪টি স্থানের মধ্যে সবচেয়ে বেশি স্থান রয়েছে রংপুর জাতীয় মহাসড়কে- ৩৫টি। ঢাকা ও রাজশাহী সড়ক বিভাগে এ ধরনের স্থান রয়েছে ৩৪টি করে। সিলেটে ১৪, খুলনায় ১১, কুমিল্লা ও গোপালগঞ্জে আটটি। এসব স্থানে বাঁকা সড়ককে সরলীকরণ ছাড়াও মোড় উন্নয়ন, পথচারী পারাপারের ব্যবস্থার উন্নয়ন করা হবে। সড়ক বিভাজক, ফুট ওভারব্রিজ ও সড়ক সংকেত ব্যবস্থার উন্নয়ন করা হবে।
২২৭টি ব্ল্যাকস্পটের মধ্যে বাকি ৮৩টিতে স্থায়ী কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩১টি স্থান রয়েছে। দিনে গড়ে ২০ হাজার গাড়ি চলাচল করে এ মহাসড়কে। নিষিদ্ধ নছিমন-করিমন-ভটভটিও চলে। এই মহাসড়কে চার লেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় মহাসড়কের কোন অংশ আগের আর কোন অংশ পরের তা বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। মহাসড়কে ৮৭ কিলোমিটার অংশে চার লেন প্রকল্পের কাজ শেষ হয়নি। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে, মহাসড়কের মাস্টারবাড়ি, সালনা, ইপসা, রাজেন্দ্রপুর, ভালুকাসহ বিভিন্ন স্থানে সড়ক চিহ্ন নেই। কোথাও কোথাও বোঝা দায়, এটা মহাসড়ক। রাতে বেশ ঝুঁকি নিয়ে ও ধীর গতিতে গাড়ি চালাতে হয়। কারণ মহাসড়কের বেশির ভাগ অংশই আগের দুই লেন ও নতুন দুই লেন সমান উচ্চতায় আনা হয়নি। একটি অংশ নিচু, অন্য অংশ উঁচু। এ অবস্থায় দুর্ঘটনা ঘটছেই। মাওনা উড়াল সেতুর কাজও শেষ হয়নি।
ভালুকা অংশে মহাসড়কের পিচের অংশটুকু রাতের বেলা মাছবাহী ট্রাকের পানিতে ভিজতে থাকে। কারণ ট্রাকে ড্রামের পানির মধ্যে মাছ রাখা হয়। সড়ক বিভাগের প্রকৌশলীরা জানান, পিচে পানি পড়ার কারণে মহাসড়কের বিভিন্ন অংশ পিচ্ছিল থাকে। ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী বলেন, মহাসড়ক রক্ষার জন্য ভালুকা ও ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষ অভিযান পরিচালনা করেছিলেন। এতে কিছুটা কাজ হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঝুঁকিপূর্ণ অংশ উন্নয়ন করা হচ্ছে চার লেন প্রকল্পের আওতায়। জয়দেবপুর-টাঙ্গাইল-এলেঙ্গা মহাসড়কে ১৫টি ও ঢাকা-আরিচা মহাসড়কের ২৭টি স্থানের উন্নয়ন করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক বলেন, আমরা দুর্ঘটনাপ্রবণ সব এলাকায় পর্যায়ক্রমে ঝুঁকি কমাতে উদ্যোগ নেব। ঢাকা-আরিচা মহাসড়কের বাঁকা অংশ সরল করা হয়েছে। আরো বিভিন্ন মহাসড়কে এ কাজ শুরু হবে।























































