ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন নিয়ে আওয়ামী লীগে নানা হিসাব নিকাশ চলছে। বিএনপির নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে খোঁজ নিতে শুরু করেছে দলটি। তারা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত না নিলেও বিষয়টিকে আওয়ামী লীগের ‘কৌশল’ হিসাবেই দেখছে।
মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলায় আওয়ামী লীগ বিষয়টিকে অতীব গুরুত্বের সঙ্গে নিয়েছে। এ কারণেই দলটি চাইছে নাÑ ভোটের হিসাবে জাতীয় পার্টি কোনোও রকম ভাগ বসাক। আর এটা নিশ্চিত করার জন্য জাতীয় পার্টি থেকে কোনো প্রার্থী না দেওয়ার জন্য দরদাম ও চাপ সৃষ্টি করছে আওয়ামী লীগ। তবে ‘অধিক প্রার্থী নিয়ে’ সঙ্কটে পড়বে প্রধান দুটি দল। এসব তথ্য পাওয়া গেছে আওয়ামী লীগ ও জাপার রাজনৈতিক সূত্রে।
সূত্র জানায়, বিএনপি যেমন প্রার্থীর ‘জোয়ার’ ঠেকাতে পারবে না ঠিক তেমনই আওয়ামী লীগেও উত্তর বা দক্ষিণ সিটি করপোরেশনে একক মেয়র প্রার্থী দেওয়া সম্ভব হবে না।
একাধিক রাজনৈতিক সূত্র জানায়, আওয়ামী লীগ ও এর শরিক দলগুলোর জোট ১৪ দল, অপর শরিক জাতীয় পার্টির প্রার্থী এবং নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না নির্বাচনী প্রচারে নেমে পড়তে পারেন শিগগিরই। বিএনপি সরাসরি না প্রচারে না নামলেও ভেতরে ভেতরে তাদের প্রস্তুতি শুরু হয়েছে। তারা সমমনাদলগুলোর সঙ্গে কথা বলা শুরু করেছে। ২০ দলের সমন্বয়ে নাগরিক সম্প্রদায়ের পক্ষে প্রার্থী দেওয়ার চিন্তা করছেন দলের কয়েক নেতা।
বিএনপির সিনিয়র একাধিক নেতার সঙ্গে কথা বলে ধারণঅ পাওয়া গেছে, দলটি স্থানীয় সরকারের নির্বাচনের বিরোধী নয়। কিন্তু তারা এখন জাতীয় নির্বাচন ইস্যুতে কথা বলবে। একমাত্র দাবি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। এক্ষেত্রে বিএনপির যিনি বা যারা নির্বাচনে প্রার্থী হবেন তাকে বা তাদের দল থেকে বহিস্কার করা হতে পারে। যদি তারা সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করেন সেক্ষেত্রে দলে পুনরায় জয়িগা দেওয়া হতে পারে।
বিভিন্ন সূত্রের খবর, দক্ষিণে প্রার্থী হতে পারেনÑ আওয়ামী লীগ থেকে মেয়র মোহাম্মদ হানিফপুত্র সাঈদ খোকন, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বতন্ত্র সংসদ সদস্য হাজি সেলিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ, আওয়ামী লীগ নেতা ফয়েজ উল্লাহ প্রমুখ। বিএনপি থেকে চেয়ারপারসনের উপদেষ্টা ড. আসাদুজ্জামান রিপন, মহানগর কমিটির উপদেষ্টা আব্দুস সালাম, মহানগরের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খোকন, বিএনপি নেতা ও সাবেক এমপি সালাউদ্দীন আহমেদ, বিএনপি নেতা নবীউল্লাহ নবী।
আরো জানা গেছে, ঢাকা সিটি করপোরেশন উত্তরে আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে পারেনÑ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য ও এমপি একেএম রহমত উল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য প্রফেসর হামিদা বানু। বিএনপি থেকে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, বিইেনপে নতা মেজর (অব.) কামরুল ইসলাম, দলের মহানগরের যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম, যুবদল উত্তরের সম্পাদক জাহাঙ্গির হোসেনের নাম বেশি শোনা যাচ্ছে।
রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছেনÑ আন্দোলন মোকাবিলার কৌশল হিসেবেই সরকারের পক্ষ থেকে এই নির্বাচনের বিষয়টি বারবার সামনে আনা হলেও অতীতের হিসাবের সঙ্গে এটাকে মেলানো যাবে না। এবার সরকার সিটি করপোরেশন নির্বাচনের কাজটি অবশ্যই শেষ করবে। আওয়ামী লীগ মনে করছে যেকোনো মূল্যে ঢাকা শহরের তাদের দলের অবস্থান সুদৃঢ় করা। বিএনপির রাজনৈতিক কৌশল সঠিক না হলে সাংগঠনিকভাবে কঠিন সঙ্কটে পড়বে দলটি।
একাধিক সচিব ও সরকারি দলের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার চাইলে নির্বাচন করা সম্ভব। কিন্তু নির্বাচন কবে, কখন হবে, সে বিষয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে কোনো কথা হয়নি। তবে মন্ত্রিপরিষদ বৈঠকের আগেই কথাটি দলের চারজন সিনিয়র নেতার সঙ্গে আলাপ করেছেন শেখ হাসিনা।
আওয়ামী লীগের একটি রাজনৈতিক সূত্র জানায়, ঢাকার দুই সিটি করপোরেশনে প্রার্থী ‘দেওয়া না দেওয়ার’ ব্যাপারে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু তিনি বিষয়ে আলোচনার ‘যথেষ্ট সময়’ রয়েছে বলে উল্লেখ করেন। অপরদিকে জাতীয় পার্টির দুজন প্রভাবশালী নেতা দুই সিটি করপোরেশনে তাদের প্রার্থী না দেওয়ার বিপরীতে কিছু বিশেষ ‘সরকারি’ সুবিধা চান।
সরকারের দুই মেয়াদের শেষ চার বছরে কয়েকবার ডিসিসি নির্বাচনের তোলা হয়েছিল বিভিন্ন ইস্যুতে। এমনকি নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত সরকারই পিছিয়ে যায়। নির্বাচন হয়নি। ২০১২ সালের ৯ এপ্রিল ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল। তখন ভোট গ্রহণের তারিখ ছিল ২৪ মে। তফসিল ঘোষণার সাত দিন পর উচ্চ আদালতে রিট আবেদনের পরিপ্রেক্ষতে নির্বাচন স্থগিত হয়ে যায়। একইভাবে নির্বাচনের কথা বলে ২০১১ সালের ২৯ নভেম্বর ঢাকা সিটি করপোরেশনকে দুই ভাগ করে আইন পাস করা হয়। এর আগে এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০১০ সালে নির্বাচনের চেষ্টা করলেও সরকারের অসহযোগিতায় তা আর হয়নি।























































