
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার তালিকাভুক্ত দুই শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১ সদস্যরা। তারা দুইজন যুবলীগের নেতাকর্মী বলে জানা গেছে।
সোমবার (১৯ জানুয়ারী) রাত সাড়ে ৯ টার দিকে কুমিল্লা নগরীর হাউজিং এষ্টেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সন্ত্রাসীরা হলেন, নগরীর হাউজিং এষ্টেট এলাকার বাসিন্দা পরাগ (৩৬)ও জহির (৩২)। তারা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ।

কুমিল্লা র্যাব-১১ এর অধিনায়ক মেজর সাকিব সিদ্দিকী জানান, রাত সাড়ে ৮ টায় হাউজিং এষ্টেট এলাকা থেকে প্রথমে জহিরকে একটি বিদেশী নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিন ও ২ রাউন্ড বুলেটসহ গ্রেফতার করি।

পরে তার তথ্যমতে, একই এলাকায় পরাগের বাসায় অভিযান চালিয়ে একটি শুটার গান, ৩ বোতল ফেনসিডিল ও ২৫ পিস ইয়াবাসহ পরাগকে গ্রেফতার করি ।
তিনি আরো জানান, পরাগের নামে পূর্বে র্যাব অস্ত্র আইনে একটি মামলা করেছিল। র্যাব তাকে একবার গ্রেফতারও করেছিল।

















































