শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সংলাপের আহ্বান যুক্তরাজ্য ও ইউরোপীয় পার্লামেন্টের


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০১.২০১৫

Sheikh-Hasina-Khaleda-Zia_01

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশের সব পক্ষের প্রতি সংযম প্রদর্শন, মধ্যপন্থা অবলম্বন, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও সংলাপে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের পার্লামেন্ট।

এদিকে, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিসংতার গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধি দল।

হাউস অব কমন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেপরোয়াভাবে গণতন্ত্রের সঙ্গে খেলছেন, ব্যাপকভাবে এমন অভিযোগ উঠছে। এতে বলা হয়, তবে গণতন্ত্রের প্রতি খালেদা জিয়ার অঙ্গীকারের আন্তরিকতার বিষয়েও প্রশ্ন তুলেছেন বহু বিশ্লেষক। অনেকেই ভাবছেন, প্রকৃতপক্ষে খালেদা জিয়া হয়তো তার বর্তমান রাজনৈতিক কৌশলে সেনাবাহিনীকে মধ্যস্থতায় বাধ্য করার মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে আরও একবার ক্ষমতা থেকে সরানোর প্রত্যাশা করছেন। তবে এখন পর্যন্ত সে ধরনের কোনো কিছু ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত ‘পলিটিক্যাল ক্রাইসিস ইন বাংলাদেশ : জানুয়ারি টু থাউজেন্ড ফিফটিন আপডেট- কমন্স লাইব্রেরি স্ট্যান্ডার্ড নোট’ শীর্ষক প্রকাশনায় এ কথা বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশের সরকারি দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির মধ্যে চলমান রাজনৈতিক সংঘাতের মধ্যেও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছে ইউকে পার্লামেন্ট।

হাউস অব কমন্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় অব্যাহত রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে এগিয়ে যাচ্ছে। সামনে বহু চ্যালেঞ্জ থাকার পরও সামাজিক উন্নয়ন ইস্যুতে সন্তোষজনক অগ্রগতি হয়েছে বাংলাদেশের।

হালনাগাদ ওই প্রতিবেদনটি হাউস অব কমন্সের আন্তর্জাতিক বিষয়াদি ও প্রতিরক্ষা বিভাগ থেকে প্রকাশিত হয়েছে। ব্রিটিশ আইন প্রণেতাদের জন্য প্রতিবেদনটি তৈরি করেছেন জন লুন। তিনি হাউস অব কমন্স লাইব্রেরির সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সাধারণত আওয়ামী লীগ ও বিএনপি পালাবদল করে ক্ষমতায় আসে। তবে সেনাবাহিনীর প্রসঙ্গ উল্লেখ করে এতে বলা হয়েছে, তারা মাঝেমধ্যে ক্ষমতা গ্রহণের মাধ্যমে ‘সার্কিট ব্রেকার’ হিসেবে কাজ করে।

দুই বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের পর ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এর মধ্য দিয়ে আশার সঞ্চার হয়েছিল যে বাংলাদেশ তার রাজনৈতিক অতীত ইতিহাসের পুনরাবৃত্তি ঠেকাতে পারবে। তবে শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিবাদের কারণে সেই সুযোগ ভেস্তে গেছে। প্রতিবেদনে ২০১৩ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে বিভিন্ন ঘটনা তুলে ধরে চলমান রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগের কথা স্থান পেয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে ওই প্রতিবেদনে। এতে আরো বলা হয়, ২০১৪ সালের মার্চ মাসে দুর্নীতিবিরোধী আদালতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ আনা হয়। এর প্রতিবাদে খালেদা জিয়া রাজপথে নামার হুমকি দেন।

এরপর মে মাসে নারায়ণগঞ্জে সাত খুনের পর রাজনীতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন বাহিনীর (র‌্যাব) সমালোচনা করে পুলিশ। অন্যদিকে আওয়ামী লীগ বলে, বিএনপিই র‌্যাবের জোরালো সমর্থক ছিল। ৫ জানুয়ারির বার্ষিকীকে কেন্দ্র করে বর্তমান অস্থিতিশীলতার বর্ণনাও রয়েছে ওই প্রতিবেদনে। এতে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে সমালোচনাও স্থান পেয়েছে। ২০১৩ সালে ওই ট্রাইব্যুনালের প্রথম রায়ের পর তৎকালীন ব্রিটিশ মন্ত্রী ব্যারোনেস ওয়ারসির প্রতিক্রিয়া উল্লেখ করে বলা হয়েছে, চৌধুরী মঈনুদ্দিন যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি অভিযোগ অস্বীকার করে ওই ট্রাইব্যুনালে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করেছেন।
বহিঃসমর্পণ প্রসঙ্গে বলা হয়েছে, মৃত্যুদ-প্রাপ্ত কাউকে যুক্তরাজ্য অন্য কোনো দেশের কাছে হস্তান্তর করে না। মৃত্যুদ- না দেওয়ার নিশ্চয়তা দিলেই যুক্তরাজ্য এ বিষয়টি বিবেচনা করে।

এদিকে, ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দলের এক বিবৃতিতে বলা হয়, সভা-সমাবেশ, বাক ও সংগঠনের স্বাধীনতাসহ মৌলিক স্বাধীনতার প্রতি সব রাজনৈতিক শক্তিকে শ্রদ্ধা দেখাতে হবে। ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল এ পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ও উন্নয়নকে বিপন্ন না করতে সরকার ও বিরোধী দল দ্রুত একটি প্রকৃত সংলাপে বসবে বলে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি