জাকারিয়া মানিক ॥
দুর্যোগে দুর্ভোগ সকলের বাড়ে না। প্রকৃতি যাদের প্রতি সহায় নয় তাদেরই। বিভিন্ন কারখানার যারা শ্রমিক তারা নিতান্তই হতদরিদ্র। নিম্ন আয়ের জীবন ও জীবিকা। স্বল্প বেতনে অধিক শ্রমের জন্য খ্যাত বাংলাদেশ। এ কারনেই পৃথিবীর অনেক উন্নত দেশের শিল্প প্রতিষ্ঠানগুলো এসব দেশগুলোকেই খুঁজে নেয় তাদের কারখানা স্থাপনে জন্য। দরিদ্রদের রক্ত, হাড় আর অস্তিমজ্জার বিনিময়ে ওই সকল প্রভাবশালী শিল্প প্রতিষ্ঠানগুলো এক সময় শিল্পগ্র“পে পরিনত হয়। আর একই কারনে যে কোন প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্ঘটনায় হতাহতের তালিকায় ওই সকল হতদরিদ্রদের নামই বারবার ঘুরে-ফিরে আসে। যেমনটি ঘটেছে কুমিল্লায় অবস্থিত খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠান ফরিদ ফাইবারের বেলায়ও।
গতকাল শনিবার সকাল ৭টা থেকেই কুমিল্লা সদর হাসপাতালে বাড়তে থাকে অসুস্থদের সংখ্যা। অসুস্থদের প্রকৃতি একই। অসুখও এক। ওরা ফরিদ ফাইবারের শ্রমিক। সকলেরই পেটের পীড়া। অনবরত পাতলা পায়খানা। অসহায়-গরীবরা স্বল্প অসুখে হাসপাতালে যায় না, স্বল্প ক্ষুধায় কোন খাবার খায় না। কোন গতান্তর না দেখেই অবশেষে ওরা হাসপাতাল ক্লিনিকের দ্বারস্ত হয়েছে। গত বৃহস্পতিবার কুমিল্লা বিসিকে অবস্থিত কারখানায় ফরিদ ফাইবার আয়োজিত পিকনিকে ওরা একটু ভালো খাবার খেয়েছিল। আয়োজন বিরিয়ানি। অন্য ধর্মালম্বীদের জন্য ছিল মুরগী-পলাও। কিন্তু অসুখ জাত-ধর্ম মানেনি। সকলেই অসুস্থ। গতকাল শনিবার সন্ধ্যায় কুমিল্লা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, হাসপাতালের অপরিচ্ছন্ন কয়েকটি বেড আর ফ্লোরে ছড়িয়ে পড়ে রয়েছে ওই শ্রমিকরা। কারো মুখ মলিন, কারো চোঁখে জল। অনেকে কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে। যারা এক দিন কাজ না করলে একদিন না খেয়ে থাকতে হয়, তারা ২ দিন অসুস্থ হয়ে বাসায় পড়ে থেকে পরদির এসেছেন হাসপাতালে। নিজেদের পরিজনের অর্থে অপর্যাপ্ত সেবায় কাতরাচ্ছে তারা। তাদের খোন খোঁজ নিতেও আসেনি ফরিদ ফাইবার কর্তৃপক্ষ। কারন, ওই প্রতিষ্ঠানের মালিক এবং তাদের পরিজন বা কোন কর্মকর্তা ওই খাবার খাননি। তাই তাঁদের কোন অসুখ-বিসুখও হয়নি।
হাসপাতালের দায়িত্বরত বয় জাহাঙ্গীর আলম জানিয়েছেন, শুধু কুমিল্লা সদর হাসপাতালেই গতকাল সকাল থেকে ভর্তি হয়েছেন ৪০ জন। এর মধ্যে স্থান সংকুলান না হওয়ায় ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যার যার বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে। তবে, সকলেই অবস্থা আসংকাজনক বলে তিনি জানিয়েছেন। হাসপাতালের সামনে দেখা হওয়া অসুস্থদের স্বজনদের সাথে আলাপ করলে তারা জানিয়েছেন, শুধু সদর হাসপাতালেই নয় নগরীর বিভিন্ন ক্লিনিক ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলেও ওই প্রতিষ্ঠানের অসুস্থ শ্রমিরা ভর্তি হয়েছে। তবে অসুস্থদের সংখ্যা কয়েক শ’ হবে বলে তারা জানান।

















































