ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
বাসে যখন বেশিরভাগ যাত্রীই গভীর ঘুমে মগ্ন তখনই চলন্ত বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে অবরোধকারিরা। সাথে সাথে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে। ঘুম থেকে জেগে দেখেন চারদিকে আগুন ।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাস যাত্রী মোঃ আজিজুল হক (২৫) ও জমির উদ্দিন (২৫) এমনটি জানালেন।
দু হাত পুড়ে যাওয়া মোঃ আজিজুল হক ও মুখের বিভিন্ন অংশে পুড়ে যাওয়া জমির উদ্দিন জানান, বাসের প্রায় সব যাত্রীই ঘুমে ছিল। হঠাৎ দুয়েকটি বিকট শব্দে ঘুম ভাংগে সবার । চোখ খুলেই দেখি চারপাশে আগুন জ্বলছে। কেউবা পুড়ে যাচ্ছে। আমরা বাসের জানালা দিয়ে লাফিয়ে বের হই। সে এক বিভৎস দৃশ্য।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) ভোররাত পৌণে ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের জগমোহনপুর এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ৭ জন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৬ জন।
নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, কক্সবাজার জেলার চকোরিয়া এলাকার কৃষক ইউসুফ (৫৫), যশোর জেলার পিডব্লিউডির ঠিকাদার নুরুজ্জামান পবলু (৫০) ও তার মেয়ে মাইশা নাইমা তাসনিন (১৬)। সে দশম শ্রেণির ছাত্রী ছিলেন । ঢাকার কাপ্তানবাজার এলাকার ওয়াসিম ও নরসিংদি জেলার পলাশ উপজেলার পলাশ গ্রামের মাহমুদুল হোসেন শান্ত (১৬) ।
আহতদের মধ্যে ১৫ জন চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে, ৯ জন ঢাকা বার্ন ইউনিটে এবং ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।


















































