চান্দিনা প্রতিনিধিঃ
চান্দিনায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। গতকাল সোমবার ১৬ ফেব্রুয়ারী রাত সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন এলাকায় ওই হামলা করে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। অবরোধ ও হরতাল সমর্থনকারীরা ওই হামলা চালিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, দাউদকান্দি থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী পাপিয়া ট্রান্সপোর্টের বাসটি (ঢাকা মেট্রো-ব-১১-১৩৫৯) সোমবার রাত সোয়া ৮টায় মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দুর্বৃত্তরা মহাসড়কের দক্ষিণ পাশ থেকে বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে। বাসের পিছনের অংশের একটি সিটে আগুন ধরে যায়। তাৎক্ষণিক ভাবে গাড়ির চালক গাড়িটি থামিয়ে বস্তাচাপা ও পানি দিয়ে আগুন নিভায়। বাসের যাত্রী আব্দুল আজিজ জানান, আমি চান্দিনা বাস স্টেশন থেকে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্যে বাসটি উঠি। বাসটি উপজেলা গেইট অতিক্রম করার পরপর হঠাৎ বাসের ডান পাশে একটি বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। বাসটিতে যাত্রীকম থাকায় এবং গাড়িটি দ্রুত থামানোর কারণে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অপরদিকে যে স্থানটিতে হামলা হয়েছে ওই স্থানে কোন যাত্রী ছিল না। তাই কোন যাত্রী হতাহত হয়নি। পাপিয়া ট্রান্সপোর্টের ব্যবস্থাপক তাজুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাসটি দাউদকান্দি টোল প¬াজা থেকে ছেড়ে আসার পর রাত সোয়া ৮টায় চান্দিনা উপজেলা গেইট ও মন্দির সংলগ্ন এলাকায় বাসটিতে পেট্রোল বোমা ছুড়ে। গাড়িতে পেট্রোল বোমা ছুড়লে করণীয় সম্পর্কে আমরা গাড়ির সকল চালক ও হেলপারদের পূর্ব থেকে প্রশিক্ষণ দেওয়ায় গাড়ি চালক গাড়িটি থামিয়ে দিয়ে বস্তা চাপা ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। এতে বাস ও যাত্রীরা রক্ষা পায়। এদিকে প্রায় এক সপ্তাহ পূর্বে একই স্থানে পাপিয়া ট্রান্সপোর্টের অপর একটি বাস (চট্ট মেট্রো-জ-১১-১১০) বাসটিতে পেট্রোল বোমা ছুড়ে নাশকতারীরা। এ স্থানটিকে নাশকতার নিরাপদ স্থান হিসেবে বেঁছে নিয়েছে নাশকতাকারীরা।
এ ব্যাপারে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছেনি। হামলাকারীদের খোঁজে বের করে শীঘ্রই গ্রেফতার করার চেষ্টা চলছে।

















































