বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাহমুদুর রহমান মান্না আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০২.২০১৫

34933c5e0f633c5d1e4f45c5b0cd6dc9_xl1_552291

স্টাফ রিপোর্টারঃ
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে আটক করেছে সাদা পোশাকধারী গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর বনানীর ই-ব্লকের ১৭-এ সড়কে অবস্থিত এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করা হয়।

সংবাদমাধ্যমকে আটকের খবর জানিয়েছেন তার স্ত্রী মেহের নিগার।

এ বিষয়ে বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর জানান, ডিবি পরিচয়ে মাহমুদুর রহমানকে ধরে নিয়ে গেছে বলে তার স্ত্রী মেহের নিগার বনানী থানাকে জানিয়েছেন।

তিনি জানান, তবে ডিবি থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু তাদের জানানো হয়নি।

এদিকে, ‘সেনা হস্তক্ষেপ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলা’ নিয়ে টেলিফোন কথোপকথন ফাঁস হওয়ার পর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতারের দাবি ওঠে মন্ত্রিসভায়।

এ কথোপকথনকে গভীর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে মন্ত্রিসভার সদস্যদের অনেকেই মান্নাকে গ্রেফতারের দাবি জানান।

আবার কেউ কেউ মান্নাকে বিএনপির ‘পেইড এজেন্ট’ হিসেবে আখ্যায়িত করেন।

এর আগে সংবাদমাধ্যমে মাহমুদুর রহমান মান্নার দুটি পৃথক অডিও প্রকাশ হয়।

বিএনপি নেতা সাদেক হোসেন খোকা এবং অপর একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির সঙ্গে মান্নার কথোপকথনের ওই অডিও নিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয় বলে জানিয়েছে সূত্র।

বৈঠকে ওই অডিও নিয়ে মন্ত্রিসভার সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কেউ কেউ মান্নার আগের রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন। তারা বলেন, মান্না একেক সময় একেক দল করেছেন। কখনও জাসদ, কখনও বাসদ, এরপর আওয়ামী লীগ- এভাবে দলবদল করেছেন। তার নিজের রাজনৈতিক কোনো চরিত্র নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি