মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্যাসিনোতে খালেদ মাহমুদ সুজন!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৩.২০১৫

sujon

স্পোর্টস ডেস্কঃ

বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের অস্ট্রেলিয়ার একটি ক্যাসিনোতে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সুজন নিয়ম ভঙ্গ করে ক্যাসিনোতে জুয়া খেলতে গিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে জুয়ার আখড়ায় (ক্যাসিনো) যাওয়ার অভিযোগে পাকিস্তান দলের প্রধান নির্বাচক মঈন খানকে দেশে ফিরিয়ে নিয়েছে পিসিবি। এবার একই অভিযোগ উঠেছে খালেদ মাহমুদের বিরুদ্ধেও। খবরটি নিয়ে এরই মধ্যে তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ক্যাসিনোতে যাওয়ার কথা স্বীকারও করেছেন খালেদ মাহমুদ বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙায়। টিভি সংবাদে জানা যায়, গত ২৬ ফেব্র“য়ারি মেলবোর্নের ০৮ হোইটম্যান স্ট্রীটের ক্রাউন ক্যাসিনোতে কয়েকজন প্রবাসীর সঙ্গে দেখা গিয়েছে খালেদকে। টিভি ভিডিওতে দেখা যায়, একটি জুয়ার বোর্ডের সামনে দুজনের সঙ্গে দাঁড়িয়ে জুয়া খেলা দেখছেন তিনি। মাছরাঙা কথা বলেছে দুজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে। তারা দাবি করেন, বাংলাদেশ দলের ম্যানেজারকে জুয়া খেলতে দেখেছেন।
তাদের দাবি অস্ট্রেলিয়ান ডলারসহ বেশ কয়েকজন অস্ট্রেলীয়ার প্রবাসীর সাথে সুজনকে দেখা যায়। এই সময় তার পরনে ছিলো কালো রঙের জ্যাকেট এবং স্যান্ডেল। তারা জানান ওই সময় একজন রিপোর্টার নিজস্ব ক্যামেরা দিয়ে সুজনের ছবি তোলেন। কিন্তু ক্যাসিনোর নিরাপত্তা ব্যবস্থা খুব কড়া হওয়ায় কমর্রত সিকিউরিটি গার্ডদের দিয়ে সুজন সেইসব ছবি মুছে ফেলতে বাধ্য করেন। এই ছবিটি মোবাইল ফোনে তোলা বলে তারা দাবি করেন।
অন্যদিকে খালেদ মাহমুদ বলেছেন, ‘খেলার পর তো আমরা খেতে যাই। সেখানে গিয়েছিলাম খেতে।’ তবে তিনি দাবি করেন, জুয়া খেলায় অংশ নেননি। এমন ঘটনায় সাধারণত নেতিবাচক প্রভাব পড়ে দলে। খালেদ অবশ্য তা মনে করেন না, ‘আমি তো আর দলে খেলি না। আমার কারণে দলে প্রভাব পড়বে, এমন কিছু নয়। আমার সম্পর্কে খেলোয়াড়দের ভালো ধারণা আছে। মনে করি না, এটা অনেক বড় ইস্যু। আসলে খাওয়ার জায়গার সঙ্গেই ওই ক্যাসিনো।’
কদিন আগেই টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া রাতে হোটেলের বাইরে যাওয়ার অপরাধে দেশে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ দলের পেস বোলার আল আমিন হোসেনকে। আল আমিনের প্রসঙ্গ তুলতেই বাংলাদেশ দলের সাবেক এ অধিনায়ক বললেন, ‘আল আমিন একজন খেলোয়াড়। তার জন্য অবশ্যই নিয়মনীতি রয়েছে। নিয়মনীতি সম্পর্কে আমি ভালোই অবগত আছি। আমার খাওয়ার দরকার ছিল, খেতে গিয়েছি। দলের ম্যানেজার হিসেবে আমাকে কাউকে বলতে হবে, সেটা মনে করি না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি