আবু মুছাঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর এলাকা থেকে সোমবার সন্ধা ৬টায় নারায়ণগঞ্জের ৭ খুনের আসামি নূর হোসেনের অন্যতম সহযোগি রহম আলীকে (৪২) আটক করেছে বুড়িচং থানা পুলিশ।
জানা যায়, নারায়ণগঞ্জের ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অন্যতম সহযোগি কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর বাজার এলাকায় অবস্থান করছে মর্মে বুড়িচং থানা পুলিশের কাছে খবর আসে। গোপন সূত্রে পাওয়া এমন খবরের ভিত্তিতে বুড়িচং থানার ওসি মোঃ জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার সন্ধ্যা ৬টার দিকে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকায় অভিযান চালিয়ে আসামি রহম আলীকে আটক করে। আটকৃত রহম আলী ঢাকার ডেমরা থানার শারুলিয়া গ্রামের বাহাদুর বিশ্বাসের পুত্র ।
বুড়িচং থানার ওসি মোঃ জহিরুল ইসলাম জানায়, নারায়ণগঞ্জ জেলা ডিবি’র ওসি মামুনুর রশিদ ও মামলার তদন্তকারী কর্মকর্তাকে আসামী আটকের বিষয়ে জানানো হয়েছে। আটক আসামি রহম আলীকে নেয়ার জন্য ওসি মামুনুর রশিদের নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে পুলিশের একটি টিম কুমিল্লার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তারা এলে ওই আসামিকে তাদের নিকট হস্তান্তর করা হবে।


















































