বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচন থেকে বেরিয়ে আসার পরিকল্পনায় বিএনপি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০১৫

 

bmo3

বিশেষ প্রতিবেদনঃ
বিএনপির প্রার্থীরা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত নির্বাচনে নাও থাকতে পারে। তাদের পরিকল্পনা রয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন বর্জন করা। আর এই সিদ্ধান্ত তারা নিতে পারে ৯ এপ্রিল। এর আগ পর্যন্ত তারা পরিবেশ তৈরির জন্য অপেক্ষা করবে। সিটি নির্বাচন নিয়ে সরকারের পাতা ফাঁদে সরকারকেই ফেলতে চায় বিএনপি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে খবর রয়েছে তিন সিটি কর্পোরেশনের মেয়র পদের একটিও সরকারি দল বিএনপিকে নিতে দেবে না। এই কারণে তারা যে কোনো মূল্যে বিজয় নিশ্চিত করবে। বিএনপিও এটা জেনে তারাও ওই ধরনের প্রার্থী দিয়েছেন যাতে করে তাদের বিজয় নিশ্চিত হয়। কিন্তু তা হলেও বিএনপি নির্বাচন কমিশনের ওপর ভরসা থাকতে পারছে না। বিএনপি মনে করছে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসাবেই কাজ করছে এবং করবে।

এই ব্যাপারে বিএনপির স্থায়ী কিমটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, নির্বাচন কমিশন এখনও পর্যন্ত নির্বাচনের জন্য কোনো সুষ্ঠু পরিবেশ তৈরি করার উদ্যোগ নেয়নি। তারা সরকারের পক্ষেই কাজ করছে। বিএনপি নির্বাচনে আসবে না এটাই হয়তো তাদের ধারণা ছিল। যখন দেখেছে বিএনপি নির্বাচনে এসে গেছে তখন তারা বিব্রত হয়ে গেছে। কিন্তু তারা নির্বাচন গ্রহণযোগ্য করার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। আমরা অন্তত দেখছি না। সরকার যদি দাবি করে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে কাজ করছে তাহলে সেটা ম্যাগনিফ্লাইং গ্লাস দিয়েও খুঁজে বের করা যাবে না।

তিনি বলেন, সরকারের ভেতরের পরিকল্পনা হচ্ছে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা। আর সেইভাবেই তারা এগুচ্ছিল। কিন্তু যখন তারা দেখেছে যে বিএনপি নির্বাচনে চলে এসেছে তখন তাদের জন্য সমস্যা হয়ে গেছে। তিনি বলেন, আমরা এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে পারছি না। তারপরও আমরা আন্দোলনের অংশ হিসাবেই নির্বাচনে অংশ নিচ্ছি।

আমরা মনোনয়নপত্র প্রত্যাহার করার আগ পর্যন্ত দেখতে চাই নির্বাচন কমিশন কি করে। এরপরও যদি দেখা যায় নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে পারেনি। সেটা হলে বিএনপি নির্বাচনে থাকবে না। নির্বাচন বর্জন করবে।

বিএনপি নির্বাচন বর্জন করলে লাভ কি হবে এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন বর্জন না করে কি হবে। পরিবেশ সুষ্ঠু না হলে আমরা নির্বাচন করেও কোন লাভ হবে না। ইচ্ছে করেই আমাদের প্রার্থীদের পরাজিত করা হবে। আমরা জানি এখন নির্বাচনে জনগন আমাদের সঙ্গে রয়েছে। জয়ও আমরা পাবো। কিন্তু নির্বাচন কমিশন সরকারের ইশারায় কাজ করলে সেই ফলাফল আমাদের দিবে না। আর এই জন্য আমরা নির্বাচন বর্জন করবো। তিনি বলেন, আমরা নির্বাচন বর্জন করলেও লোকসনা হবে না কারণ আমরা এতদিন ধরে যে অভিযোগ করে আসছি যে এই নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হিসাবে কাজ করছে। সেটাও প্রমাণ হবে। আমরা সেটাই বলবো। এতে করে দেশে-বিদেশে সবাই দেখবে সিটি নির্বাচন নিয়ে সরকার কি করেছে। এতে করে এই ইস্যুকে কেন্দ্র করে আরো আন্দোলন করতে পারবো।

এদিকে শত নাগরিক কমিটির প্রধান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমাজউদ্দীন আহমদ নির্বাচনে বিএনপিকে আনার জন্য নানাভাবে চেষ্টা করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন। বিএনপির জন্য যাতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয় সেই জন্য নির্বাচন কমিশনের কাছে শত নাগরিক কমিটির তরফ থেকে ছয়দফা দাবিও পেশ করেন। নির্বাচন কমিশন এখনও তাদের কোন প্রস্তাবই বিবেচনায় নিয়ে কাজ করেনি। কোন সিদ্ধান্তও নেয়নি। এই কারণে অধ্যাপক এমাজউদ্দিন আহমদও হতাশ। তিনি বলেন, আমরা বিএনপির পক্ষে নয় বরং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে সেটাই আশা করছি। এই জন্য নির্বাচন কমিশনের যে সব সমস্যা রয়েছে তাও দূর করতে বলেছি। নির্বাচন কমিশনকে লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্যও আমরা চিঠি দিয়েছি। কিন্তু কমিশন সেটা করছে না। এই কারণে আমরা এখন অনেকটাই হতাশ। কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে সেটা ভরসা করতে পারছি না। আর নির্বাচন কমিশন যদি আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করে তাহলে ধরেই নিতে হবে কমিশন সুষ্ঠু নির্বাচন করবে না। আমরা এই রকম হলে বিএনপি নির্বাচন বর্জন করবো বলে মনে করছি। তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশ না নিলেও এটা তখন দেশবাসী দেখবে যে সরকার কি করতে পারে। আর এই নির্বাচন সুষ্ঠু না হলে নির্বাচন যে এই কমিশনের অধীনে আর সুষ্ঠু হবে না সেটাও প্রমাণ হবে। সেটা হলে সরকারও যে বিএনপির জন্য নির্বাচনি ফাঁদ পেতেছিল সেটাও প্রমাণ হবে। আর সরকার যদি সত্যিকারভাবে সমস্যার সমাধান চায় ও সংকটের উত্তরণের উপায় বের করতে চায় তাহলে নির্বাচন সুষ্ঠু করতেই হবে।

তিনি বলেন, বিএনপি প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছে ঠিকই। এটাই শেষ নয়। কারণ আমরা ৯ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করবো। তখন পর্যন্ত লেভেল প্লেয়িং নিশ্চিত না হলে বিএনপি নির্বাচনে থাকবে না। নির্বাচন বর্জন করবে। আমরা এখন পরিবেশ দেখছি।

মাহবুবুর রহমান বলেন, সরকার বিএনপিকে আন্দোলন থেকে সরিয়ে আনার জন্য ফাঁদ পেতে নির্বাচন দিবে আমরা সেই ফাঁদে পা দেব। বিষয়টি এমন হবে না। আমরাও সরকারের পাতা ফাঁদে সরকারকেই ফেলে দিব। এছাড়াও আরো অনেক পরিকল্পনা আমাদের রয়েছে আমরা সেই হিসাবে কাজ করবো। এখনই সব বলা যাচ্ছে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি