স্টাফ রিপোর্টার : সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নির্বাচনে ভোটের ফল মেনে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। সকাল ৮টায় প্রধানমন্ত্রী ধানমন্ডির ওই ভোটকেন্দ্রে পৌঁছান। এর দুই মিনিট পর ভোট দিয়ে তিনি বেরিয়ে যান। ভোট শুরুর পর এই কেন্দ্রে নারী বুথে প্রথম ভোট দেন তিনি।
একদম শুরুতেই ভোট দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের তিনি ভোট দিয়েছেন বলে সাংবাদিকদের জানান। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হবেন বলে প্রধানমন্ত্রীর আশা। একই সঙ্গে তিনি বলেন, জনগণ যে রায় দেবেন, তা মেনে নেবেন। ভোটের দেওয়ার অধিকার জনগণের রয়েছে।
বিএনপিকে গণতন্ত্রের পথে এসে জনগণের রাজনীতি করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দেওয়া আন্দোলনের হুমকি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, কেউ সহিংসতা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করণীয়, তা করা হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের ভোটার।
ঢাকার উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আজ ভোট নেওয়া হচ্ছে। সকাল আটটায় ভোট নেওয়া শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আজ তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেবেন ৬০ লাখ ৩৩ হাজার ১২৫ জন। ঢাকা উত্তরে ভোটার প্রায় সাড়ে ২৩ লাখ, দক্ষিণে ১৮ লাখ ৭০ হাজার ও চট্টগ্রামে ১৮ লাখ ১৩ হাজার।
আজকের নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে বেশি আলোচনায় আছেন ঢাকা উত্তরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আনিসুল হক ও বিএনপি-সমর্থিত তাবিথ আউয়াল, ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মির্জা আব্বাস ও আওয়ামী লীগ-সমর্থিত সাঈদ খোকন। সকাল পৌনে ১১টা পর্যন্ত ঢাকা দক্ষিণের সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভাঙচুর ও লুটপাট হয়েছে। পোগোজ স্কুলে ভোট গ্রহণ বন্ধ রয়েছে। আরামবাগে লুৎফা একাডেমিতে গন্ডগোল হয়েছে। ওই কেন্দ্রে সাংবাদিকেদের প্রবেশ করতে দেওয়া হয়নি সকাল ১০টার দিকে। এর যুক্তিসংগত কোনো কারণও বিলতে পারেননি কর্মরতরা। ঢাকা দক্ষিণে এরকম প্রায় ১২টি কেন্দ্রে গন্ডগোল ও মারামারি ও উত্তেজনার খবর পাওয়া গেছে। অন্য কেন্দ্রগুলোয় কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। সকালে ভোট দিতে আসা কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন।
























































