নিজস্ব প্রতিবেদক: বিচার বহির্ভূত হত্যাকা-, গুম, অনলাইন (সামাজিক গণমাধ্যম) ও গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, শ্রম অধিকার ও দুর্বল কর্মপরিবেশ বাংলাদেশের মানবাধিকারের ক্ষেত্রে বড় সমস্যা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এছাড়া আইন-শৃক্সখলারক্ষাকারী বাহিনীর নির্যাতন, সরকারি খাতে বিস্তৃত দুর্নীতি, স্বেচ্ছাচারী আটক, দুর্বল বিচার ব্যবস্থা এবং বিচারের পূর্বে দীর্ঘকাল আটক রাখাও বাংলাদেশের মানবাধিকারের জন্য এখনো গুরুতর সমস্যা। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে কর্তৃপক্ষ। রাজনৈতিক সহিংসতা ও দলীয় অন্তঃকোন্দলও বাংলাদেশের জন্য বড় সমস্যা। কিছু বেসরকারী সংগঠনের কার্যক্রমে আইনি ও অনানুষ্ঠানিক বাধা এসেছে। নারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। বাল্যবিবাহ একটি বিদ্যমান সমস্যা। শিশুরা বাধ্য হচ্ছে কাজ করতে।
বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ২০১৪ সালের মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে এসব মন্তব্য করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জন কেরি ব্যুরো অব ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এন্ড লেবার এর এই বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেন।
বাংলাদেশ বিষয়ে ৪২ পৃষ্ঠার প্রতিবেদনের সারাংশে বলা হয়, সামাজিকভাবে ধর্মীয় সংখ্যালঘু ও নৃতাত্ত্বিক গোষ্ঠী সহিংসতার শিকার হচ্ছে। যদিও অনেক রাজনীতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের মতে এসব ঘটনা ধর্মীয় বিশ্বাসের জন্য নয় বরং রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আইনের শাসনের দুর্বলতার কারণে ব্যক্তি ও সরকারী কর্মকর্তারা মানবাধিকার লঙ্ঘন করে শুধু দায়মুক্তি পাচ্ছেন না বরং সাধারণ নাগরিকদের অধিকারের দাবি করা থেকেও নিবৃত্ত করছে। সম্প্রতি বছরগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে হত্যা, নিপীড়নের ঘটনা ঘটলেও সরকার খুব কমই তদন্তের পদক্ষেপ নিয়ে বিচারের মুখোমুখি করেছে।
মানবাধিকার প্রতিবেদনে বলা হয়, সংবিধানে জীবন, সম্পদ ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও সরকার ও এর বিভিন্ন সংস্থা স্বেচ্ছাচারী ও বিচারবহির্ভূত হত্যাকা- ঘটাচ্ছে। সরকার কখনো এসব হত্যাকা-ের পরিসংখ্যান প্রকাশ করেনি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। যদিও সরকার এক্ষেত্রে কঠোর নীতি গ্রহণ করবে এবং বিচারবহির্ভূত হত্যাকান্ডের তদন্ত করবে। কিছু ক্ষেত্রে আইন-শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়মুক্তির সঙ্গে কাজ করেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী ২০১৪ সালের প্রথম আট মাসে ১১৩টি বিচার বহির্ভূত হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আর অধিকারের তথ্যে বলা হয়েছে প্রথম নয় মাসে ১৩৬টি বিচারবহির্ভত হত্যাকান্ড সংগঠিত হয়েছে। ২০১৩ সালে এটি ছিলো ১৭৯টি। র্যাবসহ আইনশৃক্সখলা বাহিনীর অভিযান, আটকসহ বিভিন্ন কার্যক্রমে ক্রস ফায়ার, বন্দুকযুদ্ধ, পাল্টা হামলায় এসব হত্যাকা- ঘটেছে বলে জানানো হয়। গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে সাত জনকে দিবালোকে অপহরণ ও হত্যার ঘটনায় র্যাবের কর্মকর্তা ও সদস্যরা জড়িত। এ ঘটনায় সরকার কয়েকজনকে অবসরে যেতে বাধ্য করেছে এবং গ্রেফতার করেছে। বছর শেষে এ ঘটনার তদন্ত চলছে।
প্রতিবেদনে আরো বলা হয়, ৫ জানুয়ারির পর নির্বাচনী সহিংসতা কমলেও শেষ হয়নি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রাজনৈতিক সহিংসতায় ১২৪ জন নিহত ও ৬ হাজার ৮৭ জন আহত হয়েছে।























































