স্পোর্টস ডেস্কঃ
কার্লোস তেভেসকে সমর্থকদের সামনে উপস্থাপন করেছে আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্স। প্রায় এক দশকের ইউরোপ অভিযান শেষ করে দেশের ক্লাবে পা রেখে ঘরে ফিরতে পারার আনন্দের কথা জানিয়েছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড।
গত সোমবার তেভেসকে দেখতে লা বোমবোনেরা স্টেডিয়ামে বোকার হাজার হাজার সমর্থক জড়ো হয়।
সমর্থকদের ধন্যবাদ জানানোর সঙ্গে নিজের টুইটারে দেশে ফেরার আবেগও প্রকাশ করেন তেভেস।
“আনন্দে আমার হৃদয় যেন ফেটে পড়ছে! …আমি এরই মধ্যে ঘরে ফিরেছি।”
তেভেসের ইউরোপ অভিযান শুরু হয ২০০৬ সালে। ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্স থেকে ইংল্যান্ডের ওয়েস্ট হ্যামে নাম লেখান তিনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি ঘুড়ে ২০১৩ সালে তেভেস পাড়ি জমান ইতালিতে, নাম লেখান ইউভেন্তুসে।
গত মৌসুমে ইউভেন্তুসের হয়ে লিগ জেতা তেভেস বোকা জুনিয়র্সে ক্লাবটির সাবেক তারকা দিয়েগো মারাদোনা ও হুয়ান রোমান রিকুয়েলমের ১০ নম্বর জার্সি পরবেন।

























































