শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছুরিকাঘাতে ট্যুরিস্ট পুলিশ নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৫

Murder Mystery Logo1

ডেস্ক রিপোর্টঃ

কক্সবাজার সমুদ্রসৈকতের কাছে সন্দেহভাজন ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্যুরিস্ট পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আটক করা হয়েছে সন্দেহভাজন দুই ছিনতাইকারীকে। আজ বৃহস্পতিবার সকালে বাহারছড়া এলাকার গোলচক্কর মাঠে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে।

ট্যুরিস্ট পুলিশের নিহত কনস্টেবলের নাম মো. পারভেজ। তাঁর বাড়ি কুমিল্লা  বুড়িচং উপজেলায়। বাবার নাম মো. বশির।

ট্যুরিস্ট পুলিশের সহকারী সুপার মো. জহিরুল ইসলামের ভাষ্য, আজ সকাল সাতটার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে একটি রেস্তোরাঁর সামনে দায়িত্ব পালন করছিলেন পারভেজ। কাছেই পাঁচ-ছয়জন ছিনতাইকারী পর্যটকদের কাছ থেকে মালামাল ছিনতাইয়ের চেষ্টা করলে এগিয়ে যান পারভেজ। এ সময় ছিনতাইকারীরা দৌড়ে গোলচক্কর মাঠে চলে যায়। পারভেজসহ ট্যুরিস্ট পুলিশের একটি দল ছিনতাইকারীদের ধাওয়া করে। ছিনতাইয়ের অভিযোগে গোলচক্কর মাঠ থেকে আবু তাহের ও আবদুল হককে আটক করা হয়। তাদের গাড়িতে তোলার সময় পেছন দিক থেকে এসে আরেক ছিনতাইকারী পারভেজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তাঁকে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য পারভেজের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের ধরার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

ঈদের পর এখন লাখো পর্যটকে মুখরিত কক্সবাজার। এই বিপুলসংখ্যক পর্যটকের নিরাপত্তায় আছেন মাত্র দেড় শতাধিক ট্যুরিস্ট পুলিশ।

এদিকে, পুলিশ সদস্য নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক কক্সবাজারের পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সদর দপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি