ডেস্ক রিপোর্টঃ
সাবেক ও বর্তমান তিন মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, এম মনজুর আলম এবং আ জ ম নাছির উদ্দিনের বাসায় ঘুরে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সময় কাটিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। তিনবার নির্বাচিত হয়ে টানা ১৭ বছর মহিউদ্দিনও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেছিলেন।
সাবেক মেয়র মহিউদ্দিনের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের বাসায় যাবার খবর বুধবার (২২ জুলাই) রাতেই এসেছে গণমাধ্যমে। রাজনীতির উত্তরসূরীর বাসায় যাবার খবর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে কৌতুহল সৃষ্টি করেছে। এর মধ্যে সাবেক দুই মেয়রের বাসায় যাবার খবর সেই কৌতুহলের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, আমি বুড়া হয়ে গেছি, চোখে দেখিনা, কানে শুনিনা। কখন কোথায় চলে যাই তার কোন ঠিক নেই। ঈদের সময় বৃষ্টির জন্য বের হতে পারিনি। গতকাল (বুধবার) সন্ধ্যার দিকে বের হয়েছিলাম। চোখে দেখিনা, ঘুরতে ঘুরতে শুনি আমি আন্দরকিল্লায়। সেখানে নাছিরের বাসায় ঢুকে খানাপিনা খেয়ে বের হয়ে এসেছি। এরপর ঘুরতে ঘুরতে মাহমুদুল ইসলাম সাহেব এবং মনজুর সাহেবের বাসায়ও গিয়েছিলাম।
সিটি মেয়রের একান্ত সহকারি রায়হান ইউসুফ জানান, রাত ৯টার দিকে নগরীর আন্দরকিল্লায় আ জ ম নাছির উদ্দিনের বাসায় যান এবিএম মহিউদ্দিন চৌধুরী। এসময় নাছির বাসার চারতলায় অবস্থান করছিলেন। মহিউদ্দিন তার বাসায় যাবেন সেটা আগে থেকে জানতেন না নাছির। আকস্মিকভাবে মহিউদ্দিন তার বাসায় গিয়ে হাজির হলে ব্যস্ত হয়ে চারতলা থেকে নেমে আসেন নাছির। পরে দুই নেতা আদর-আপ্যায়নে, সৌহাদ্যপূর্ণ কথাবার্তায় প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় পার করেন।
নাছিরের বাসায় মহিউদ্দিনের সঙ্গে যান নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকও।
ফারুক জানান, মেয়রের বাসা থেকে বেরিয়ে মহিউদ্দিন যান নগরীর পাথরঘাটায় সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসায় একটি পারিবারিক অনুষ্ঠানে। সেখান থেকে রাত ১০টার দিকে তিনি বের হন।
এরপর নগরীর উত্তর কাট্টলী এলাকায় সাবেক মেয়র এম মনজুর আলমের বাসার দিকে ছুটেন মহিউদ্দিন। এসময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরীও।
মহিউদ্দিন বাংলানিউজকে জানান, বাসায় পৌঁছে মনজুরকে ফোন করি। তিনি গেছেন আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে। আমিও সেখানে চলে যাই।
‘আমি বুড়া হয়ে গেছি। চোখে দেখিনা, কানে শুনিনা, ইদানিং পেটে ক্ষুদাও বেশি। মনজুরের আত্মীয় বাড়িতে বসে ভাত খেয়ে তারপর বাসায় চলে গেছি। ’ বলেন মহিউদ্দিন।
এ প্রসঙ্গে সাবেক মেয়র এম মনজুর আলম বলেন, আমি আমার ছেলের শ্বশুড় ফেরদৌস ইউছুপের পাঠানটুলির বাসায় ছিলাম। আমি বাসায় নেই শুনে মহিউদ্দিন ভাই সেখানে গিয়ে হাজির হন। আমি ছোট, আমারই উচিৎ ছিল তার বাড়ি গিয়ে ঈদের সালাম করে আসা। কিন্তু বড় ভাই হয়ে তিনি আমার কাছে এসেছেন এজন্য আমি কৃতজ্ঞ। আমার বেয়াই সাধ্যমত তাকে আদর আপ্যায়ন করেছেন। আমরা একসঙ্গে ভাত-পানি খেয়ে চলে এসেছি।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে দু’বার এবং একবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে তিনবার মেয়রের চেয়ারে বসা এবিএম মহিউদ্দিন চৌধুরী সদ্যসমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে মহিউদ্দিনের সামনেই মনোনয়ন দেয়া হয় তারই উত্তরসূরী নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে। সেই বৈঠকে মহিউদ্দিনকে ‘শারিরীকভাবে অসুস্থ’ হিসেবে উপস্থাপন করা হয় বলে গণমাধ্যমে খবর এসেছে। এরপর থেকেই মহিউদ্দিন বলতে শুরু করেন, তিনি বুড়া হয়ে গেছেন, কানে শুনেন না, চোখে দেখেন না।
এর আগে ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আগেও মান ভাঙাতে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বাসায় গিয়েছিলেন মহিউদ্দিন। ২০১২ সালে নগর আওয়ামী লীগে কোন্দল যখন তুঙ্গে তখনও শীর্ষ নেতা ডা.আফছারুল আমিন, নূরুল ইসলাম বিএসসির বাসায় গিয়েছিলেন মহিউদ্দিন। তাদের মান ভাঙ্গিয়ে দলের কর্মকান্ডে সক্রিয় করার চেষ্টা করেছিলেন।
সর্বশেষ নূরুল ইসলাম বিএসসি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হওয়ার পর ঈদের পরদিন তারা বাসায়ও যান মহিউদ্দিন। অবশ্য এর আগে বিএসসি যান মহিউদ্দিনের বাসায়।
রাজনীতিতে মহিউদ্দিন বিরোধী হিসেবে পরিচিত বিএসসিসহ অনেক নেতা ঈদের শুভেচ্ছা জানাতে মহিউদ্দিনের বাসায় গেলেও যাননি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির। এর আগে মহিউদ্দিনের ইফতারের দাওয়াতেও নাছির যাননি বলে দলীয় সূত্রে জানা গেছে।
২০১৩ সালের ১৩ নভেম্বর নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে স্থান পান দীর্ঘসময় দলের মূলধারার বাইরে থাকা নাছির, যে কমিটির সভাপতি মহিউদ্দিন। একসময়ে দূরত্ব ঘুচিয়ে দুই নেতা ঐক্যবদ্ধ পথচলা শুরু করেন।
এরপর সদ্যসমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে দুই নেতাই দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে মনোনয়ন পান নাছির। এতে দুই নেতার মধ্যে আবারও প্রচ্ছন্ন দূরত্ব সৃষ্টি হয়েছে বলে আলোচনা আছে চট্টগ্রামের রাজনৈতিক মহলে।
নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন ২৬ জুলাই দায়িত্ব নেবেন।




























































