স্টাফ রিপোর্টারঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে চান্দিনা সীমান্ত পর্যন্ত মহাসড়ক অবরোধ করে সিএনজি ও অটোরিক্সা মালিক-শ্রমিকরা । এ সময় পুলিশের সাথে শ্রমিকদের একাধিকবার সংঘর্ষ হয়েছে । এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ব্যাপক সংখ্যক টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। উত্তেজিত শ্রমিকরাও মহাসড়কের একাধিক যানবাহন ভাংচুর করে।
রোববার (২ আগষ্ট) সকাল ১০ টা থেকে মহাসড়কের সিএনজি-অটোরিক্সা চলাচল নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ শুরু করলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে । এ ঘটনায় প্রায় ২৫ জন শ্রমিক ও সাধারণ মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। দুপুর একটার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে আসে।
এ বিষয়ে দাউদকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) ফরিদ মিয়া জানান, সংঘর্ষে আমাদের কেউ আহত হয়নি। তাদের কেউ আহত হয়েছে কিনা জানিনা। টিয়ারশেল ও রাবার বুলেটের পরিমাণ পরে হিসেব করে জানাবো। এখন যানবাহন চলাচল স্বাভাবিক।
এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের আহমেদ জানান, এখন পরিস্থিতি শান্ত। যানবাহন চলাচল করছে।
এদিকে মহাসড়কের আলেখাচর বিশ্বরোড, মুরাদনগর, চৌদ্দগ্রাম উপজেলায়ও শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করে। কিন্তু পুলিশের বাধাঁয় তা পন্ড হয়ে যায়।


















































