ডেস্ক রিপোর্টঃ
সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এসব ঘটনার পর কোনো বিবেকবান মানুষের আর শান্ত হয়ে থাকার সুযোগ নেই।
তথ্যপ্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক প্রবীর সিকদারকে মঙ্গলবার তিন দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে আদালত।
একটি বেসরকারি টেলিভিশন স্টেশনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “অঙ্গ হারানো একজন মানুষকে হাতকড়া দিয়ে নিয়ে যাওয়া, তার ছবি প্রকাশ করা, এতো তড়িঘড়ি করে তাকে রিমান্ডে নেওয়া স্বাভাবিক মনে হয়নি।
“তাকে হাতকড়া পরিয়ে রাতের আঁধারেই ফরিদপুর নিয়ে যেতে হল? এতো এফিশিয়েন্ট হয়ে গেল পুলিশ, ডিবি?”
এসব ঘটনার পর কোনো বিবেকবান মানুষের আর শান্ত হয়ে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেন সরকার আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত।
“সাংবাদিক, সাংবাদিকতা একটি প্রতিষ্ঠান। আমি মনে করি একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরেকটি প্রতিষ্ঠানের এভাবে দাঁড়ানো উচিত নয়।”
রোববার রাতে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফেইসবুকে লিখে স্থানীয় সরকার মন্ত্রীর সুনাম ক্ষুণ্ণের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাংবাদিক প্রবীর সিকদারকে।
মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান প্রবীর সিকদারকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
প্রবীর সিকদার (ফাইল ছবি)
প্রবীর সিকদারের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা আগেও দলের পক্ষ থেকে বিবৃতি দিয়েছি। এখনও বলছি, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হউক।”অবিলম্বে তার মুক্তি চেয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিও।
সংগঠনের সভাপতি বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী, সহ সভাপতি শাহরিয়ার কবির, সহ সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শহীদ জায়া শ্যামলী নাসরীন চৌধুরী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, চলচ্চিত্রনির্মাতা শামীম আখতার ও সাধারণ সম্পাদক কাজী মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার একজন বিতর্কিত মন্ত্রীর সমালোচনার জন্য মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান সাংবাদিক প্রবীরকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষকে তা ক্ষুব্ধ করবে।”
বিবৃতিতে আরও বলা হয়, “প্রবীর সিকদার যদি তথ্যপ্রযুক্তি আইনে কোনও অপরাধ করে থাকেন, তার জন্য মামলা হতে পারে। যে বিষয় নিয়ে তিনি লিখেছেন সে বিষয়ে তদন্ত করা উচিৎ।
“কারা কোন উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাজোট সরকারের প্রতিপক্ষ বানাতে চাইছে সে বিষয়েও তদন্ত হওয়া প্রয়োজন। তথ্যপ্রযুক্তি আইনের এহেন অপব্যবহার এ ক্ষেত্রে সরকারের অর্জনকেও প্রশ্নবিদ্ধ করবে।























































