বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শফিউল্লা-তাহেরকে নিয়ে ফের মন্তব্য সেলিমের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৫

sheikh-salim

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধু হত্যাকা-ের সঙ্গে কে এম শফিউল্লাহ, কর্নেল তাহের, খালেদ মোশাররফ ও জিয়াউর রহমান জড়িত বলে আবারো দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতি-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেন, এরা বেঈমান। কে এম শফিউল্লাহ তো বেয়াদব, অসভ্য। সে কি করে বঙ্গবন্ধুকে বলে, আপনি বাসা থেকে বের হয়ে যান। কত বড় বেয়াদব ও অসভ্য।

মঙ্গলবার বিকেলে রাজধানীর মতিঝিলে কৃষি ব্যাংক ভবনে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কৃষি ব্যাংক আয়োজিত এ সভায় ব্যাংকটির ব্যাবস্থাপনা পরিচালক এম এ ইউসুফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহম্মদ ইসমাইল, পরিচালক মো. মশিউর রহমান, কৃষি ব্যাংক কর্মচারী ইউনিয়ন সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ রাজু, জাতীয় শোক দিবস পালন কমিটির আহ্বায়ক ড. লিয়াকত হোসেন মোড়ল প্রমুখ।

শেখ সেলিম বলেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাও ভালোভাবে বিদায় নেয়নি। জিয়াউর রহমানের লাশও সিঁড়িতে পড়ে ছিল। মোস্তাকের কাছে কোনো ডাক্তার যেত না। তার গায়ে গন্ধ হয়ে গিয়েছিল। কর্নেল তাহেরকেও ক্ষমতার ভাগাভাগি নিয়ে হত্যা করেছিল জিয়া। আর কে এম শফিউল্লাহ বেঁচেও মরে আছে। ও এখন একের পর এক মিথ্যা কথা বলছে।

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তুমি (খালেদা জিয়া) ভিক্টোরিয়ার রানী সেজেছো। আইনের কাছে ভিক্টোরিয়ার রানী নও। ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছো। ৯২ দিন আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছো। এজন্য তোমার বিরুদ্ধে অচিরেই চার্জসিট দেয়া হবে। তোমার বিচার হবেই। কোনো রেহাই নেই।

শেখ সেলিম বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য গ্রেনেড হামলা চালিয়েছিল খালেদা জিয়া ও তারেকের নেতৃত্বে। ২১ আগস্ট কোনো সহজ ব্যাপার ছিল না। এর সঙ্গে জড়িত ছিল নিজামী, মুজাহিদ ও পিন্টুসহ বিএনপির অনেক নেতা। গত ৫ জানুয়ারি থেকে ৯২ দিন আন্দোলনের নামে খালেদা জিয়া পেট্রোল বোমা মেরে দুইশ মানুষ হত্যা করেছে। এ জন্য অচিরেই খালেদার বিরুদ্ধে চার্জসিট দেয়া হবে। তোমার (খালেদা) ছেলে তারেক রহমানেরও রক্ষা নেই। এর বিচার হবেই।

‘এই সরকারের নাকি খুব তারাতারি পতন হবে’ খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আমি গোয়েন্দা সংস্থার কাছে জানতে চাই, দেখেন খালেদা জিয়া কী জানে। নাকি ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে ধরা পরলে বিচার হবেই। কোনো রেহাই নেই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি