ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লায় ডিবি (গোয়েন্দা) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেলাল হোসেন ওরফে জিরা সুমন (৩০) নামের এক শীর্ষ সন্ত্রাসীর মৃত্যু হয়েছে।
নিহত সুমন কুমিল্লা শহরের অশোকতলা এলাকার শাহজাহান সাজুর ছেলে।
তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি একেএম মঞ্জুর আলম জানান।
গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ জানান, মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটের সময় কুমিল্লা সদরের পালপাড়া ব্রিজ এলাকায় বন্দুকযুদ্ধের সময় জিরা সুমন মারা যায়। এ সময় সুমনের সহযোগী জামাল পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ধরা পড়েছে। এছাড়া চারটি অস্ত্রসহ আটক করা হয়েছে সহিদ, স্বপন ও জাকির নামে আরও তিনজনকে। আটকদের কাছে তিনটি এলজি, একটি রিভলবার, একটি ছোরা, একটি রড ও পাঁচটি মুখোশ পাওয়া গেছে বলে জানান তিনি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিণ) আলী আশরাফ ভুইঁয়া জানান, গোয়েন্দা পুলিশের একটি দল মাইক্রোবাসে করে ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান শেষে শহরের দিকে ফেরার পথে গোমতি নদীর ওপর পালপাড়া ব্রিজ এলাকায় ৮/১০ জন ‘ডাকাত’ হামলা চালায়।
“এতে মাইক্রোবাসের সামনের কাচ ভেঙে যায়। ডাকাতরা গুলি শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছু সময় গোলাগুলি চলার পর ডাকাত দলের দুইজন গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ ওই দুইজনসহ মোট পাঁচজনকে আটক করে।”
গুলিবিদ্ধ দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন বলে গোয়েন্দা পুলিশ জানান।
উল্লেখ্য যে, গত ২০১৪ সালের ৬ নভেম্বর দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলায় ‘জিরা সুমনকে’ ধরতে গিয়ে গোয়েন্দা পুলিশের এসআই ফিরোজ হোসেন গলিবিদ্ধ হন। সুমনের দলের ছেলেরা ফিরোজের পিস্তলও কেড়ে নিয়ে যায়।
গত বছর (২০১৪) ৯ নভেম্বর সদর উপজেলার আলেখার চর এলাকায় গোয়েন্দা পুলিশের আরেক কথিত বন্দুকযুদ্ধে ‘সুমনের সহযোগী’ রাব্বী ও জনি নিহত হন।


















































