
মো. শরীফ আহমেদ খান জুয়েল||
কুমিল্লার চান্দিনা উপজেলায় গণপিটুনিতে ইউনুছ (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের মহিচাইল-গজারিয়া এলাকায় এ গণপিটুনির ঘটনা ঘটে। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত ইউনুছ উপজেলার মহিচাইল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে মাধাইয়া-রহিমানগর সড়কে যাত্রীবাহী মাইক্রোবাস থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল ডাকাতরা। এসময় ওই গাড়ির যাত্রী ও স্থানীয় লোকজন ডাকাতদের ধাওয়া করে ইউনুছ নামে এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এতে গুরুতর আহত হন ইউনুস। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ডাকাতি চেষ্টা ও হত্যাকান্ডের দু’টি মামলা দায়ের করা হচ্ছে।

















































