বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্মৃতিতে একাত্তর-মার্চের দিনগুলি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০১৫

MinisterMohsin
সৈয়দ মহসিন আলী: ১ মার্চ মাস এলেই আমি অসুস্থ হয়ে পড়ি । মনে পড়ে যায় ১৯৭১ সালের সেই আগুন ঝরানো দিনগুলির কথা । মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্বে যারা শুধু মাত্র আবেগ আর আর্দশকে বুকে লালন করে ঝাপিয়ে পড়েছিল সেই সব সহযোদ্ধাদের অনেকেই আজ আমাদের মধ্যে নেই । সেই সময় রাধিকা স্টলে প্রতিদিন বিকেলে আড্ডা দিতে যেতাম।

আজকের রাধিকা স্টল দেখে ভাবাই যাবেনা ষাট দশকের শেষের দিকে এর চেহারা কেমন ছিল । মুরুব্বিদের মধ্যে জয়নাল হোসেনের বাবা মজাম্মিল মিয়া বারান্দার চোয়ারে বসতেন । আমরা বসতাম পেছনের দিকে। আমাদের সঙ্গে থাকতো পোস্টার। রাতে লাগাতাম। মসু, সুজাউল করিম, সুলতান মনসুর , হারুন, আমরা আড্ডা দিতাম। সুলতান তখন আমাদের চেয়ে অনেক ছোট । কিন্তু তার হাতের লেখা সুন্দর ছিল বলে পোষ্টার লেখায় ও দেয়াল লিখনে আমাদের সঙ্গে রাখতাম ।

আমাদের নেতা বলতে তখন ছিলেন মাহমুদুর রহমান, সৈয়দ নাসির উদ্দিন , ডা. গফুর, ছত্তার মিয়া, মির্জা আজিজ বেগ, সৈয়দ আমজাদ আলী প্রমুখ । ঢাকা বিশ্ববিদ্যলয় থেকে সুনির্মল সিংহ চৌধুরী মাঝে মধ্যে আসতেন, আমাদের রাজনৈতিক ক্লাশ নিতেন । তাকে আমরা মিলনদা ডাকতাম । তার বাবা খুব নাম করা শিক্ষক ছিলেন । ঢাকা শহরের খবর তখন খুব চট করে আমাদের কাছে আসতো না । যেটুকু খবর পেতাম সাধ্যমত তা ছড়িয়ে দিতাম ।

৩রা মার্চের সংসদ অধিবেসন বাতিলের প্রতিবাদে আমরা শহরে মশাল মিছিল করলাম ।সেই মিছিলে নেতুত্ব দেন প্রদ্যুম্ন রায় , ব্যোমকেশ ঘোষ, ভূতো বিশ্বাস, মন্টু, সুনির্মল কুমান দেব মীন, মুজিবুর রহমান মুজিব, আজিজুল হক ইকবাল প্রমুখের নেতৃত্বে রাজনীতির পাশাপাশি আমরা সাংকৃতিক কর্মকান্ডেও জড়িয়ে পরেছিলাম ।

এরি মধ্যে চলে এলো ঐতিহাসিক ৭ মার্চ । দেশে একটা কিছু ঘটতে যাচ্ছে তা আমাদের বুঝতে বাকি ছিল না । ৭ মার্চ ভাষন শোনার জন্য ট্রেনে চড়ে চলে এলাম ঢাকায় । লাখো মানুষের মনের দাবি তখন একটাই – স্বাধীনতা ।

সবার নেতা তখন একজনই -বঙ্গবন্ধু । ৭ মার্চ ৩২ নম্বরে বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাদের আদেশ দিলেন যার যার এলাকায় ফিরে যেতে । কোন অফিস, আদালত যেন ঠিকমতো না চলে। কন্ট্রোল রুম হলো ৩২ নম্বরে । তখন ৯১ নবাবপুরে আওয়ামী লীগের অফিস নেয়া হলো। তাজ উদ্দিন, কামরুজ্জামান, ক্যাপ্টেন মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, সাজেদা চৌধুরী , আইভি রহমান, জিল্লুর রহমান, ইউসুফ আলী, মিজান চৌধুরী, আসাদুজ্জামান গাজী গোলাম মোস্তফা আরো অনেকের সঙ্গে দেখা হতো । তখন কেন্দ্রীয় ছাত্র নেতা আব্দুল কুদ্দুস মাখন, আসম আবদুর রব, শাহজাহান সিরাজ, তোফায়েল আহমদ, আমির হোসেন আমু, এম এ আজিজ, জহুর হোসেন চৌধুরী, এম আর সিদ্দিকী , ফয়জুর রহমান, গিয়াস উদ্দিন মনির প্রমুখের সঙ্গে যোগাযোগ ছিল ।

ট্রাংক কলের মাধ্যমে আন্দোলনের খবর পেতাম।মেয়েদের মধ্যে তখন ছাত্রলীগের সমর্থন কম ছিল । জোহরা আলাউদ্দিন, সৈয়দ হাফসা আলমগীর, নূরজাহান সুয়ারা প্রমুখ ছাত্রলীগ করতেন । তখন মেয়ে মহলে দাপট ছিল ছাত্র ইউনিয়নের ।

ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়ন তখন প্রতিদ্বন্দী ছিল। মেয়েদের ভোটে ওরা কলেজ সংসদের নির্বাচনে ভাল ফল করত।অসহযোগ আন্দোলনে মূল ভূমিকা ছিল ছাত্রলীগের । ২৫ মার্চ এর ক্র্যাক ডাউনের পর মুক্তিযুদ্ধের প্রশ্নে মৌলভীবাজারে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে যায় ।

২৩ মার্চ মৌলভীবাজার শহরে ছাত্রলীগের নেতৃত্বে পাকিস্তানি পতাকা পোড়ানো হয় । উত্তোলন করা হয় । কিন্তু ওই দিন আমরা খবর পেলাম কমলগঞ্জে বাংলাদেশের পতাকা নামিয়ে দিয়েছে কেরামত আলীর ছেলে মুহিবুর রহমান চাষী । এর প্রতিবাদে আমরা ছুটে গেলাম ২৫ মার্চ বিকেলে । পরে আবার সেখানে পতাকা উত্তোলন করে সমাবেশ করলাম । বক্তব্য রাখলাম আমি, ওয়াহাব, সুজা, আকিকুল প্রমুখ। তার পরপরই একের পর এক ঘটনা ঘটতে লাগলো ।

২৫ মার্চ রাতে পাকবাহিনী ঢাকায় গণহত্যা করলে সেই খবর চলে আসে আমাদের শহরে । তখন শহর আর গ্রামের দূরত্ব ঘুচে যায় । শুরু হয় প্রতিরোধ আন্দোলন । সেই প্রতিরোধ যুদ্ধে পাকবাহিনীর সাথে সরাসরি লড়াই করে বীরের মত মৃত্যু বরণ করেন তিনজন সাধারণ মানুষ । তাদের নাম তারা মিয়া, জমিল মিয়া ও লুনদুর মিয়া। পাকবাহিনী গ্রেফতার করে সেই সময়কার সংসদ সদস্য আজিজুর রহমান ও আওয়ামী লীগ নেতা ব্যোমকেশ ঘোষ প্রমুখকে । ছাত্র নেতাদের মধ্যে গ্রেফতার করা হয় মতিউর রহমান চৌধুরী, অদ্বৈত সেন অধিকারি প্রমুখকে ।

পাকবাহিনীর নির্যাতনের শিকার হয়ে শহীদি মৃত্যু বরণ করেন ন্যাপের কর্মী গৌরা পদ দেব কানু । সেই সময় মুক্তিযুদ্ধের পটভূমি রচনায় আমরা যে ভূমিকা পালন করেছিলাম যুদ্ধোত্তর বাংলাদেশে তার স্বীকৃতি আমরা পাইনি। দুঃখের সঙ্গে বলতে হয় মুক্তিযুদ্ধের প্রধান সব খেতাব গুলো শুধু মাত্র সেনাবাহিনী সদস্যদের দেওয়া হয়েছে। জনযুদ্ধের গণযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বকে সেখানে বঞ্চিত করা হয়েছে ।

চলতি বছর মার্চে লেখা প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলির লেখা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি