সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আসছে খালেদা-তারেকবিহীন বিএনপি!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০১৫

index

ডেস্ক রিপোর্ট :

খালেদা তারেকের নেতৃত্বাধীন বিএনপি এখন চরম সংকটের মুখে। বিএনপি এখন কঠিন সময় অতিক্রম করছে। দল সৃষ্টির পর থেকে বিভিন্ন সময় নানা বাধা এলেও বর্তমান পরিস্থিতির মতো এমন সংকটের মধ্যে বিএনপি আর কখনও পড়েনি। বর্তমান সংকটকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার মতো নেতৃত্ব এখন বিএনপিতে নেই। প্রায় নয় বছরের কাছাকাছি দলটি ক্ষমতার বাইরে থাকায় নানা দল ও নানা মতের রাজনৈতিক ব্যক্তিদের এখন একত্রে ধরে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কারণ এরা সবাই দলে এসেছিলেন কিছু পাওয়া কিছু নেওয়ার জন্য। কিন্তু বর্তমান বিএনপির অবস্থা দেখে এদের অনেকে ইতিমধ্যেই কেটে পড়েছেন। বাকিরাও কেটে পড়ার চিন্তা ভাবনা করছেন।

এদিকে নিস্তেজ বিএনপিকে আবারও সতেজ করে তোলা অসুস্থ খালেদা জিয়ার পক্ষে এখন আর আগের মতো সহজ নয় বলেই অনেকে মনে করছেন। অন্যদিকে লন্ডনে অবস্থানরত তারেক রহমান পরোক্ষভাবে বিএনপির নেতৃত্ব দিলেও তিনি কোনভাবেই দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। কারণ দীর্ঘদিন থেকে দেশের বাইরে থাকায় বিএনপি ও দেশের অভ্যন্তরীণ রাজনীতির বাস্তবতা থেকে তারেক রহমান এখন অনেক দূরে। বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি হয়তো ঝুঁকি নিয়ে আর দেশে ফিরে আসতে চাইবেন না। এমন অবস্থায় তার ব্রিটেনে বসবাসের সময় আরো দীর্ঘ হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া অবস্থা দেখে আপাতদৃষ্টিতে মনে করা যেতে পারে যে, আগামী ২০১৯ সালের নির্বাচনেও আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। বর্তমান অবস্থায় লন্ডনে বসে বিএনপিকে তারেক রহমান কতটুকু নেতৃত্ব দিতে পারবেন সে বিষয়ে অনেকেই সন্দেহ পোষণ করেন।

বিএনপির এই দুঃসময়ে দলটি আদৌ আর সামনের দিকে এগুতে পারবে কি না তাতে সন্দেহ রয়েছে। তাই দলের অনেক কেন্দ্রীয় নেতাকে এখন খালেদা তারেকের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা পর্যন্ত করতে দেখা যাচ্ছে।

বর্তমান অবস্থা চলতে থাকলে বিএনপির ভবিষ্যত ক্রমাগত ছোটো হয়ে আসার সম্ভাবনা রয়েছে। যার কারণে অনেকেই মনে করছেন আর বিলম্ব না করে দলকে নুতন করে পুনর্গঠন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থায় এ ব্যাপারে তিনি কতটুকু সফল হতে পারবেন তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। অন্যদিকে তারেক রহমান বর্তমান সিনিয়র নেতাদের সরিয়ে দিয়ে তরুণদের হাতে বিএনপির নেতৃত্ব দিতে আগ্রহী। কারণ অতীতে বিএনপির ডাকা আন্দোলনগুলোতে এসব সিনিয়র নেতাদের রাস্তায় নামতে দেখা যায়নি। অনেকের সাথে সরকারের আঁতাত রয়েছে বলেও অভিযোগ রয়েছে। এসব নেতা বিএনপির শাসন আমলে বড় বড় ব্যবসা বাণিজ্যের সুযোগ পেয়েছেন। বর্তমানে এগুলোকে ধরে রাখতে তারা দলের ডাকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে আগ্রহী নন। এদের অনেকেই শুধু শুধু নিজের অর্থনৈতিক ক্ষতি ডেকে আনতে চান না। ইতিমধ্যে এধরনের সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন ঢাকা ব্যাঙ্কের মালিক মির্জা আব্বাসসহ কয়েকজন সিনিয়র নেতা।

অন্যদিকে বিএনপি অদূর ভবিষ্যতে কবে আবার ক্ষমতায় আসতে পারবে কিংবা আদৌ কোনো দিন আসতে পারবে কি না সে ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। এমন অবস্থায় গা বাঁচিয়ে চলাটাকেই অনেক সিনিয়র নেতা উচিত বলে মনে করছেন। এদের অনেককেই এখন তারেক রহমানের পছন্দ নয়। তিনি সুবিধাবাদী এসব নেতাদের সরিয়ে দিয়ে দলে নুতন নেতৃত্ব নিয়ে আসতে আগ্রহী। মা বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত হলে তারেক রহমান সম্ভবত এধরনের সিনিয়র নেতাদের উপদেষ্টা কিংবা অন্যভাবে দলের ক্ষমতাবান পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি জানাতে পারেন।

এদিকে বর্তমান সরকারও নিজেদের স্বার্থে চাইবে বিএনপি ভেঙ্গে যেন বিভক্ত হয়। এব্যাপারে সরকার প্রয়োজনে বিপক্ষ শক্তির প্রতি ম“ দিতে পারে বলেও অনেকে মনে করছেন। ইতিমধ্যেই অনেকে বলছেন, এই মুহূর্তে যদি খালেদা জিয়ার কোনো কিছু হয়ে যায় তাহলে বিএনপি ভেঙ্গে কয়েক টুকরো হয়ে যেতে পারে। এমন অবস্থায় খালেদা জিয়ার লন্ডন সফর অবশ্যই গুরুত্ব বহন করছে। তিনি লন্ডন যেতে পারবেন কি পারবেন না সে ব্যাপারে সরকার থেকে এখন পর্যন্ত পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। কারণ খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েকটি মামলা নিয়মমাফিক চলে আসছে। এই অবস্থায় দেশের বাইরে যাওয়ার নো অবজেকশন সার্টিফিকেট আদালত তাকে দেবে কি না সে সম্পর্কে এখনও কিছু বলা হয়নি। অনেকে বলছেন, খালেদা জিয়া লন্ডন গেলে শারীরিক অসুস্থতার কারণে তার দীর্ঘ সময় পরিবারের সাথে থাকার সম্ভবনা রয়েছে। এই অবস্থায় দেশে বিএনপির নেতৃত্বের ভার যাকে দেওয়া হবে তাকে অবশ্যই অত্যন্ত বিশ্বস্ত হতে হবে। বর্তমানে যারা বেগম খালেদা জিয়ার আশেপাশে আছেন তাদের বিরুদ্ধে দলের ভেতরে রয়েছে বিভিন্ন অভিযোগ।

পর্যবেক্ষক মহলের মতে খালেদা জিয়া দেশের বাইরে গেলে বিএনপির সিনিয়র নেতারা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দলের ভবিষ্যত নেতৃত্বের ব্যাপারে একটা সমঝোতায় আসার সম্ভাবনা দেখা দিতে পারে। বিএনপির অনেক সিনিয়র নেতা মনে করেন, দলের জনপ্রিয়তা এখনো বর্তমান। সুতরাং ২০১৯ সালের নির্বাচনে জিয়াউর রহমানের নাম সামনে রেখে খালেদা-তারেকবিহীন বিএনপি গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করলে দলের পক্ষে ভালো ফলাফল আসার সম্ভাবনা রয়েছে। এইসময় যদি খালেদা জিয়া আবারও তত্ত্বাবধায়ক সরকার কিংবা কোনো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে জামায়াতকে সাথে নিয়ে আন্দোলনে নামেন তাহলে দলের ভবিষ্যত অস্তিত্ব কঠিন সমস্যার মধ্যে পড়ার সম্ভবনা রয়েছে। অন্যদিকে আগামী নির্বাচনের আগে সরকার হয়তো জামায়াতের সকল রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ ঘোষণা করতে পারে। ফলে এককভাবে বিএনপির পক্ষে নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসা কোনো দিন আর সম্ভব হবে না বলেই অনেকে মনে করছেন। পরিসংখ্যান অনুসারে, বিএনপির পক্ষে এখন পর্যন্ত ৩৫% ভোট আসার সম্ভবনা রয়েছে বলে অনেকে মনে করছেন। তবে দল ভেঙ্গে গেলে ভোটের ফলাফল আরো খারাপ হবে বলেই পর্যবেক্ষক মহল মনে করেন।

পরিসংখ্যানে দেখা গেছে, বাংলাদেশের ৩০% মানুষ সরাসরি আওয়ামী লীগবিরোধী। এই জনগোষ্ঠী আওয়ামী লীগ ও ভারতবিরোধী যে কোনো মোর্চায় সবসময় সমর্থন জানিয়ে আসছে। এই জনগোষ্ঠীকেই সম্ভবত খালেদা-তারেকবিহীন বিএনপি আগামীতে তাদের পক্ষে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তারা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় আসার একটা বড় সুযোগ পাবে। তবে সবকিছুই নির্ভর করছে খালেদা জিয়ার লন্ডন সফর ও পরবর্তিতে তার সাংগঠনিক কর্মসূচির ওপর। বাংলাদেশের জনগণ চায় দেশে একটা শক্তিশালী বিরোধী দলের অবস্থান। বর্তমানে এরশাদের জাতীয় পার্টিকে কেউ বিরোধী দল হিসেবে দেখছে না। কারণ সরকারের সাথে আপোষ করে তারা ক্ষমতায় রয়েছে। অন্যদিকে অনেকে মনে করেন, বিএনপির এই দুর্বলতার সুযোগে এরশাদের জাতীয় পার্টি ক্ষমতা থেকে সরে এসে সরকার বিরোধী দলের ভূমিকায় মাঠে নামলে জনগণের একটা ভালো সমর্থন দলটির পক্ষে আসার সম্ভাবনা রয়েছে। তবে ক্ষমতায় থাকা আর না থাকা নিয়ে দলটির মধ্যে বর্তমানে রয়েছে মতানৈক্য। এই কারণে এরশাদের ইচ্ছা থাকা সত্বেও তিনি জাতীয় পার্টিকে সরকারবিরোধী ভূমিকায় নিয়ে আসতে পারছেন না। অনেকের মতে, বিএনপিকে ঠেকাতে সরকারের সাথে একটি আলোচনার মাধ্যমে জাতীয় পার্টিকে বিরোধী দলের ভূমিকায় রাজনৈতিক মাঠে নামা উচিত। এখন প্রশ্ন হলো বর্তমান অবস্থায় এরশাদ কি পারবেন জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে সঠিকভাবে নেতৃত্ব দিতে? কিংবা খালেদা-তারেকবিহীন বিএনপি কি পারবে আগামী নির্বাচনে বিরোধী দলের আসনে বসতে?

বিএনপির বর্তমান দুঃসময়ের সুযোগে কর্নেল অলি, ব্যারিস্টার হুদা ও বদরুদ্দোজা চৌধুরীসহ কয়েকজন নেতা বিএনপিতে ফিরে আসার পায়তারা করছেন। তবে তারা বিএনপিতে এলে দলের বর্তমান অবস্থার আদৌ কোনো পরিবর্তন হবে কি না তাতে সন্দেহ রয়েছে। বরং আরো খারাপও হতে পারে। কারণ এই তিন জনই তিন মেরুর মানুষ। অন্যদিকে অলি ও বদরুদ্দোজা একসময়ে এক হয়েও এক থাকতে পারেননি। ক্ষমতার প্রতিযোগিতায় তারা কেউ কাউকে মানতে বা ছাড় দিতে রাজি নন। অন্যদিকে অলি, হুদা ও বদরুদ্দোজা এখন বাংলাদেশের রাজনীতিতে কোনো গুরুত্ব বহন করেন না। এই অবস্থায় বেগম খালেদা জিয়া জেনে শুনে খাল কেটে কুমির নাও আনতে পারেন। যদিও তিন জনই আপ্রাণ চেষ্টা করছেন বিএনপির এই ক্রাইসিসকে সদ্ব্যবহার করে নিজেদের অবস্থান বিএনপিতে পাকাপোক্ত করতে। উল্লেখযোগ্য যে, একসময় এই তিনজনই বিএনপি থেকে বের হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে প্রচন্ড সমালোচনা করেছেন।

বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে একটা পরিবর্তন প্রয়োজন বলে পর্যবেক্ষক মহল মনে করছেন। সম্প্রতি দেশ থেকে ফিরে এসে আমার এখন তাই মনে হচ্ছে। দেশে এখন কোনো বিরোধী দল নেই। চারিদিকে শুধু আওয়ামী লীগের জয় জয়কার। অন্যদিকে বিএনপি গত নির্বাচনে অংশগ্রহণ না করাতে এখন দিন দিন দুর্বল হয়ে আসছে। বর্তমানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত তাদের কোথাও আর দেখা যায় না। অনেকে দল পরিবর্তন করে আওয়ামী লীগে চলে আসছেন। এইকারণে আজ একটি প্রশ্ন সবার সামনে এসে দাঁড়িয়েছে, বিএনপির বিকল্প কি? কারণ বিএনপি বর্তমানে যেখানে অবস্থান করছে সেখান থেকে তাদের আগের জায়গায় ফিরে আসা আদৌ আর সম্ভব হবে কি না তাতে সন্দেহ রয়েছে।

এখন বিএনপিতে থাকা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি চিন্তা ভাবনা করছে জিয়ার নামকে সামনে রেখে খালেদা-তারেকবিহীন বিএনপি প্রতিষ্ঠার কথা। খালেদা জিয়ার লন্ডন অবস্থানকালে এমন একটা কিছু ঘটলে ঘটে যেতেও পারে বলে অনেকে সন্দেহ করছেন। তবে সব কিছুই নির্ভর করতে পারে খালেদা জিয়া ও তারেক রহমানের ভবিষ্যত সাংগঠনিক পরিবর্তনের উপর। লন্ডন থেকে এসে খালেদা জিয়া যদি তারেক রহমানের পরামর্শ অনুসারে বিএনপিতে একটা পরিবর্তন আনার চেষ্টা করেন তখন বিএনপিতে বসে থাকা এই গ্রুপটি সম্ভবত আর চুপ করে বসে থাকবে না। এইসময় তাদের খালেদা-তারেকবিহীন বিএনপি প্রতিষ্ঠার কথা ঘোষণা দেওয়ার সম্ভবনা রয়েছে বলে অনেকে মনে করছেন। খালেদা জিয়া দলের এই কঠিন সময়ে কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন এটাই এখন দেখার বিষয়। অন্যদিকে তিনি লন্ডনে গেলে কতদিন অবস্থান করবেন তাও দলের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করবে। বিএনপির এই অভ্যন্তরীণ কোন্দলে সরকার কি চুপ করে বসে থাকবে? নিশ্চই না! ইতিমধ্যে আওয়ামী লীগের কয়েকজন নেতা খালেদা তারেক বিহীন বিএনপি গঠনের কথা প্রকাশ্যে মিডিয়ায় বলেছেন। তারাও চান বিএনপি থাকবে। কিন্তু খালেদা-তারেকের নেতৃত্বে নয়। সুতরাং আজ হোক আর কাল হোক আসলেও আসতে পারে খালেদা-তারেকবিহীন বিএনপি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি