শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগর থানার এসআই আনোয়ারসহ তিন জনের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির অভিযোগে মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০১৫

 

জাকারিয়া মানিকঃ
কুমিল্লা জেলার মুরাদনগর থানার এসআই আনোয়ার হোসেনসহ তিন জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মুরাদনগর উপজেলার বড়–ইয়াকুড়ি গ্রামের আব্দুল বারেকের পুত্র আলাউদ্দিন আমিন বাদী হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগে কুমিল্লার ৮নং আমলী আদালতে মামলাটি (নং সিআর ৪১৬/১৫) দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে সিআইডি কুমিল্লাকে অভিযোগটি তদন্ত শেষে প্রতিবেদন দিতে নির্দেশ প্রদান করেছে আদালত। অপর আসামীরা হলেন মুরাদগর উপজেলার বড়–ইয়াকুড়ি গ্রামের নায়েব আলীর পুত্র গিয়াস উদ্দিন, ও মোফাজ্জল হোসেনের পুত্র আলাউদ্দিন।
মামলার অভিযোগের আলোকে জানা গছে, গত ১৬ সেপ্টেম্বর বড়–ইয়াকুড়ি গ্রামে আলাউদ্দিন আমিনের ভাগিনা শাহিন ও ওয়াসিমের সাথে গিয়াস উদ্দিন ও আলাউদ্দিনের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত শাহিনকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে এসআই আনোয়ার হোসেনের উপস্থিতিতে গিয়াস উদ্দিনসহ সন্ত্রাসীরা চিকিৎসাধীন অবস্থায় পুনরায় তার উপর হামলা চালায়। এসআই আনোয়ার হোসেন হামলাকারীদের গ্রেফতার না করে কোন অভিযোগ ছাড়াই হাসপাতালে চিকিৎসাধীন শাহিনকে আটক করে। পরদিন গিয়াস উদ্দিনের কাছ থেকে একটি অভিযোগ নিয়ে মামলা রেকর্ড করায় এবং ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শাহিনকে আদালতে সোপর্দ করে। এ ঘটনায় পরবর্তীতে আলাউদ্দিন আমিনের অপর ভাগিনা আব্দুল মমিন বাদী হয়ে গিয়াস উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মুরাদনগর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার পলাতক আসামী গিয়াস উদ্দিনকে থানায় উপস্থিত দেখে এসআই আনোয়ারকে নিশ্চিত করলেও তাকে আটক না করে থানা থেকে পলায়নে সহায়তা করে। এ বিষয়ে একাধিক জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হলে এসআই আনোয়ার হোসেন ক্ষুব্ধ হয়ে আলাউদ্দিন আমিনের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা প্রদান না করলে খুন-ডাকাতিসহ বিভিন্ন মামলা জড়িয়ে হয়রানি ও গ্রেফতার করে রিমান্ডে নিয়ে গাছে লটকিয়ে হাত পা ভেঙ্গে দেয়ার হুমকি দেয়। এবং পরবর্তীতে গত ১০ অক্টোবর গিয়াস উদ্দিনসহ কতিপয় ডাকাত প্রকৃতির লোক সাথে নিয়ে আলাউদ্দিন আমিনের বাড়ীতে এসআই আনোয়ার হোসেন কয়েক দফা অভিযান চালিয়ে হয়রানি করেন এবং চাঁদার টাকা নিয়ে থানায় গিয়ে তার সাথে দেখা না করলে অবস্থা আরো খারাপ হবে বলে হুমকি দেয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি