স্পোর্টস ডেস্কঃ
সান্তিয়াগোতে চিলির কাছে হারার পর শিষ্যদের ধুয়ে দিয়েছিলেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। তাতেই যেন ঘুম ভেঙেছে সেলেকাওদের। ঘরের মাঠে কাল শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে ব্রাজিল। ফলও মিলে যায় খুব দ্রুত। মাত্র ৩৭ সেকেন্ডেই বুলেট গতির শটে ভেনিজুয়েলার জাল কাঁপিয়ে ব্রাজিলকে এগিয়ে দেন উইলিয়ান। ৪২ মিনিটে ফিলিপ লুইসের পাস থেকে দ্বিতীয় গোলটিও করেন এই চেলসি উইঙ্গার। ৬৪ মিনিটে ক্রিশ্চিয়ান সান্তোস ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি ভেনিজুয়েলা। ৭৩ মিনিটে রিকার্ডো অলিভেইরার গোলে নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের জয়। জয়ের চেয়ে ভালো খেলার ব্যাপারটি বেশি তৃপ্তি দিচ্ছে ব্রাজিলের হিরো উইলিয়ানকে, ‘দারুণ খেলেছি আমরা। আরও বড় ব্যবধানে জিততে পারতাম।’ নভেম্বরে ব্রাজিলের পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। তার আগে এই জয় নিঃসন্দেহে আরও আÍবিশ্বাসী করে তুলবে সেলেকাওদের।আর্জেন্টিনার বিপক্ষে অগ্নিগর্ভ ম্যাচেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরবেন ব্রাজিল অধিনায়ক নেইমার। অন্যদিকে চোট কাটিয়ে মেসির ফেরা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। প্রথম দু’ম্যাচে দলের সেরা খেলোয়াড়টিকে বড্ড মিস করেছে আর্জেন্টিনা। মেসির পাশাপাশি কাল ছিলেন না সার্গিও আগুয়েরোও। এই দুই তারকার শূন্যতা পূরণের দায়িত্ব ছিল যার কাঁধে সেই কার্লোস তেভেজ পুরোপুরি ব্যর্থ। ২১ মিনিটে দলকে এগিয়ে দেয়ার সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন তেভেজই। প্রথমার্ধে গোলের দুটি সহজ সুযোগ নষ্ট করেন লাভেজ্জিও। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে দিবালা, লামেলারাও প্যারাগুয়ের গোলমুখ খুলতে পারেননি। আক্রমণভাগের ব্যর্থতায় শেষ পর্যন্ত জয় রয়ে যায় দূর দিগন্তেই। অথচ কোপা আমেরিকার সেমিফাইনালে এই প্যারাগুয়েকেই ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল আর্জেন্টিনা।লিমায় দশজনের দল নিয়েও দারুণ লড়াই করেছে পেরু।স্নায়ুক্ষয়ী ম্যাচে চিলির জয়ের নায়ক অ্যালেক্সিস সানচেজ ও ভারগাস। দু’জনই করেছেন জোড়া গোল। পেরুর পক্ষে জোড়া গোল করেন ফারকান। মন্টেভিডিওতে সুয়ারেজ ও কাভানিকে ছাড়াই কলম্বিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে উরুগুয়ে। অপর ম্যাচে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডর। এএফপি/ওয়েবসাইট।


























































