ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রী কলেজের সামনে স্থানীয় যুবকদের সাথে ছাত্রদের সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিবর্ষন ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের ১০ জন আহত হয়েছে।
আহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে পাওয়া যায়নি।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১০ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। রাত ১১ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় সূত্র জানায়, ভিক্টোরিয়া কলেজ হোস্টেলের এক শিক্ষার্থী কলেজের সামনের চা দোকানে চা পান করতে গেলে স্থানীয় যুবকদের সাথে তার কথা কাটাকাটি হয়। এ সময় স্থানীয় যুবকরা তাকে মারধর করে। পরে খবর পেয়ে হোস্টেলের শিক্ষার্থীরা কলেজের সামনে এসে জড়ো হলে শিক্ষার্থীদের সাথে স্থানীয় যুবকদের সংঘর্ষ শুরু হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষনের ঘটনা ঘটে এবং দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।
তবে স্থানীয় আরো একটি সূত্র জানায়, ধর্মপুর এলাকায় কুমিল্লা জেলার বাইরের এক লোক এসে বাড়ি নির্মাণের সময় কলেজ ছাত্ররা বাড়ির মালিকের কাছে চাদাঁ দাবি করে। ওই লোক চাদাঁ দিতে অপারগতা প্রকাশ করলে এক কলেজ ছাত্র তাকে ছুরিকাঘাত করে। রাতে ওই ছাত্র চা দোকানে গেলে স্থানীয় যুবকরা তাকে মারধর করে। আর এ ঘটনা থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। এক ঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে জানতে কান্দিরপাড় ফাড়িঁর ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সামসুদ্দিন রাত ১১ টায় জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।


















































