ডেস্ক রিপোর্ট :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় লন্ডনে অবস্থান শেষে দেশে ফিরে কী করছেন তা নিয়ে কৌতূহলের শেষ নেই আওয়ামী লীগে। তার দেশে ফেরা নিয়ে বিভিন্ন ফোরামে বিচার বিশ্লেষণ করছেন ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা। সরকারবিরোধী জোটের প্রধান খালেদা জিয়ার দেশে ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন কেউ কেউ। আবার বিষয়টি এ মুহূর্তে ক্ষমতাসীন দলের জন্য মোটেও স্বস্তির নয় বলে মনে করছেন অনেকেই। তবে সব কিছু ছাপিয়ে ক্ষমতাসীনদের দৃষ্টি এখন খালেদা জিয়া কী করছেন সে দিকে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বেগম খালেদা জিয়া লন্ডন যাওয়ার পর হঠাৎ করেই দেশের পরিস্থিতি পাল্টে যায়। বিশেষ করে তার লন্ডন অবস্থানকালে দেশে পরপর দুইজন বিদেশী নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। হামলার শিকার হন আরো একজন বিদেশী নাগরিক। এ ছাড়া এ সময় হোসনি দালানে শিয়াদের ঐতিহাসিক তাজিয়া মিছিলে বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটে। এসব ঘটনায় দেশ-বিদেশে প্রচ- চাপের মুখে পড়ে সরকার। বিদেশী নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে রেড অ্যালার্ট জারি করে প্রভাবশালী বিভিন্ন দেশ। বাংলাদেশ থেকে বিনিয়োগ ও জনবল ফিরিয়ে নেয়ার কথা জানায় বিদেশী অনেক প্রতিষ্ঠান। নাশকতার এসব ঘটনায় আইএসের ‘কথিত’ দায় স্বীকারের বহুল প্রচার এবং একের পর এক বিদেশী দূতাবাসের ভ্রমণ সতর্কতার পর উদ্ভূত পরিস্থিতিতে কূটনৈতিক চ্যালেঞ্জে পড়ে সরকার।
ঘটনাগুলোকে কেন্দ্র করে চোখে পড়ার মতো তৎপরতা শুরু করে প্রভাবশালী কয়েকটি পশ্চিমা রাষ্ট্র। ইতোমধ্যেই আন্তর্জাতিক মিডিয়ায় বিদেশীদের ওপর হামলা ও দুই খুনের ব্যাপক প্রচারে বিদেশীদের কাছে বাংলাদেশের অস্থিতিশীলতার বার্তা পৌঁছে গেছে। পাশাপাশি সব ধরনের নিরাপত্তার আশ্বাস ও ব্যবস্থা নেয়ার পরও আশ্বস্ত করা যাচ্ছে না বিদেশীদের। সাম্প্রতিক পরিস্থিতি আনুষ্ঠানিকভাবে কূটনীতিকদের সামনে তুলে ধরা হলেও সরকার সংশ্লিষ্টদের ওপর যেনো আস্থা রাখতে পারছেন না তারা। সার্বিক পরিস্থিতিতে যেখানে সরকার আশা করছিল রাষ্ট্রগুলো তাদের ভ্রমণ সতর্কতা সরিয়ে নেবে সেখানে একের পর এক নতুন করে হামলার শঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করা হচ্ছে বিদেশীদের তরফ থেকে।
সরকারের একাধিক সূত্র জানায়, কূটনীতিকদের তৎপরতায় নিরাপত্তার পাশাপাশি একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারের ওপর বিভিন্ন ধরনের চাপও আসে। এসব ঘটনাকে পরিকল্পিত হিসেবে দেখছেন ক্ষমতাসীনরা। যার জন্য খালেদা জিয়ার বিদেশে অবস্থানকে দায়ী করে সরকারের প্রভাবশালী নেতা, মন্ত্রী ও নীতিনির্ধারকরা বিভিন্ন বক্তব্য রাখছেন। রাজনীতির মাঠ ফাঁকা করতে খালেদা জিয়াকে আর দেশে ফিরতে না দেয়ার পক্ষে মত দেন সরকারের অনেকে। তবে বিদেশীদের ওপর হামলা ও নাশকতা বন্ধে খালেদা জিয়াকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবিও জানান কেউ কেউ। সে জন্য স্বেচ্ছায় খালেদা জিয়ার দেশে ফেরাকে ইতিবাচক হিসেবেই দেখছেন সরকারের অনেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের একজন নেতা আলাপকালে বলেন, খালেদা জিয়ার দেশে ফেরার খবর আমাদের জন্য কিছুটা স্বস্তির বিষয়। কারণ তার বিদেশে অবস্থানকালে সম্প্রতি দেশে অনেক কিছু ঘটে গেছে, যার জন্য সরকারকে দেশীয় ও আন্তর্জাতিকভাবে কঠিন চাপের মুখে পড়তে হয়েছে। আশা করি এখন সব কিছু স্বাভাবিক থাকবে।
দলের সম্পাদকম-লীর একজন সদস্য বলেন, খালেদা জিয়া দেশে থাকলে তার সব খোঁজখবর ও রাজনৈতিক তৎপরতা সরকারের নখদর্পণে থাকে। কিন্তু বিদেশে গেলে সেটা আর সম্ভব হয় না। তাই খালেদা জিয়া দেশে থাকা আমাদের জন্য অনেক নিরাপদ।
তবে সরকারের অন্য সূত্রগুলো জানায়, খালেদা জিয়ার দেশে ফেরা সরকারের জন্য যেমনি স্বস্তির তেমনি আতঙ্কেরও। কারণ সরকারের নীতিনির্ধারকদের অনেকেই ভেবেছিলেন কারাগারে যাওয়ার ভয়ে খালেদা জিয়া হয়তো আপাতত আর দেশে ফিরবেন না। বিশেষ করে সরকার যখন বিরোধী জোটের দুই প্রভাবশালী নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহউদ্দীন কাদের চৌধুরীর ফাঁসির প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে, পাশাপাশি সারা দেশে বিরোধী জোটের হাজার হাজার নেতাকর্মীকে গণহারে গ্রেফতার করা হচ্ছে ঠিক সেই মুহূর্তে তার দেশে ফেরা খুবই চিন্তার বিষয়। এ মুহূর্তে তিনি নতুন করে কী কৌশল নিয়ে দেশে ফিরছেন এবং তা কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে সরকার খানিকটা চিন্তিত।
আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক এ প্রতিবেদককে বলেন, খালেদা জিয়া লন্ডনে বসে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও বিএনপির একাধিক সিনিয়র নেতা ও বিদেশীদের সাথে বেশ কয়েকটি বৈঠক করেছেন বলে সরকারের কাছে তথ্য আছে। এসব বৈঠকের পর বিএনপির কৌশল বা সিদ্ধান্ত কী তা নিয়ে সরকার এখনো অন্ধকারে। সেজন্য অনেকের ধারণাকে অমূলক করে দিয়ে বিশেষ এ পরিস্থিতিতে তার দেশে ফেরা খুব সন্দেহের বিষয়। আর লন্ডনে বসে তিনি কী ছক কষছিলেন ভবিষ্যতই তা বলে দেবে।
























































