দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়ের করা নাইকো দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এ মামলার পরবর্তী চার্জ শুনানীর দিন ২৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।
সোমবার হাজিরা দিতে রাজধানীর নি¤œ আদালতে হাজির হয়ে খালেদা জিয়ার পক্ষে জামিন চান তার আইনজীবীরা। পরে আদালত তার জামিন মঞ্জুর করেন।
এর আগে সকাল ১১টা ১৫মিনিটের দিকে গুলশানে তার নিজের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা দেন তিনি।
২০০৭ সালে জরুরি অবস্থার সময় দুদকের করা এই মামলা বর্তমানে ঢাকার বিশেষ জজ আমিনুল ইসলামের আদালতে অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে।
নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে খালেদার করা আবেদন গত ১৮ জুন খারিজ করে দেয় হাই কোর্ট। সেই সঙ্গে মামলার ওপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে বিএনপি নেত্রীকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
এক এগারোর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তার বিরুদ্ধে তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি মামলা দায়ের করে দুদক। পরের বছর ৫ মে খালেদাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
খালেদা জিয়া উচ্চ আদালতে গেলে ২০০৮ সালের ৯ জুলাই দুর্নীতির এই মামলার কার্যক্রম স্থগিত করে হাই কোর্ট, সেই সঙ্গে দেওয়া হয় রুল। ২০০৮ সালের ৯ সেপ্টেম্বর এ মামলায় জামিন পান খালেদা।
নাইকোকে কাজ দিয়ে রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও একই দিনে আরেকটি মামলা করেছিল দুদক। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সালের মার্চে হাইকোর্ট ওই মামলা বাতিল করে দেয়। এতে বলা হয়, হয়রানি করার উদ্দেশ্যেই মামলাটি করা হয়েছিল।

























































