ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লার লাকসাম উপজেলায় চিকিৎসকের অবহেলায় নাছিমা বেগম (৩২) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রসূতির মৃত্যু হলেও ভাগ্যক্রমে নবজাতক কন্যা শিশুটি জীবিত রয়েছে।
ওই ঘটনায় ক্লিনিক মালিককে কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে উত্তেজিত স্থানীয় লোকজন।
বুধবার ( ২ ডিসেম্বর) ভোর রাতে লাকসাম পৌর সদরের রংপুর পলি ক্লিনিকে এ ঘটনাটি ঘটে।
নিহত নাছিমা বেগম উপজেলার চেঙ্গাচাল গ্রামের আরবের রহমানের স্ত্রী। তিনি চার সন্তানের জননী ছিলেন।
নিহত প্রসূতির ভাই মোস্তাফিজুর রহমান সুজন ও চাচা আবুল কাশেম অভিযোগ করে জানান, নাছিমা বেগমের প্রসব ব্যাথা শুরু হলে মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে পৌর সদরের রংপুর পলি ক্লিনিকে ভর্তি করা হয়।
ওই ক্লিনিকের মালিক ডা. যোগেশ চন্দ্র রায়ের তত্ত্বাবধানে থাকা প্রসূতি নাছিমা বেগমকে ওই দিন গভীর রাতে সিজার অপারেশন করে। অপারেশন চলাকালে প্রসূতির মৃত্যু ঘটলে মৃত্যুর সংবাদ আড়াল করতে উন্নত চিকিৎসার অজুহাত দেখিয়ে ওই চিকিৎসক তার ক্লিনিকের এ্যাম্বুলেন্সযোগে কুমিল্লার উদ্দেশ্যে প্রেরন করে এবং নবজাতক শিশুটিকে ওই ক্লিনিকে রেখে দেয়।
প্রসূতির সাথে থাকা আমাদের স্বজনরা ক্লিনিক থেকে বের হয়ে কয়েক’শ গজ যাওয়ার পর প্রসূতির মৃত্যু নিশ্চিত হয়ে পুনরায় ওই ক্লিনিকে ফেরত আসে। ওই সময় প্রসূতির স্বজনরা উত্তেজিত হয়ে ক্লিনিক মালিককে অবরুদ্ধ করে রাখে। প্রসুতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ক্লিনিকটি ঘেরাও করে ফেলে। এ সময় ক্লিনিকের কর্মচারিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার মধ্যস্থতায় মোটা অংকের টাকার বিনিময়ে নিহতের পরিবারের সাথে সমঝোতা করে ঘটনাটি ধামাচাপা দেয়া হয়।
এ বিষয়ে ক্লিনিক মালিক ডা. যোগেশ চন্দ্র রায় জানান, অপারেশন সঠিক ভাবে হয়েছিল। ভাগ্যের পরিহাসে ওই প্রসূতির মৃত্যু ঘটেছে এবং প্রসূতির পরিবারের সাথে এ নিয়ে সমঝোতা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান জানান, আমি এ বিষয়ে অবহিত নই। দু পক্ষ যদি সমঝোতা করে ফেলে তাহলে এ বিষয়গুলো ধামাচাপাঁ পড়ে যায়। তারপরেও আমি এ বিষয়টি দেখবো।
স্থানীয়রা জানায়, এর আগেও ওই ক্লিনিকে উপজেলার রামারবাগ গ্রামের ফিরোজ আলমের স্ত্রী তাছলিমা আক্তারের কিডনি চুরিসহ চিকিৎসকের অবহেলায় একাধিক রোগীর মৃত্যুর ঘটনার অভিযোগ রয়েছে। ওই ঘটনাগুলোও ক্লিনিক মালিক মোটা অংকের টাকার বিনিময়ে ধামাচাপা দিয়েছেন। এছাড়াও অপারেশনের নামে বিভিন্ন রোগীর অপচিকিৎসার একাধিক অভিযোগ রয়েছে ক্লিনিক মালিক ডা. যোগেশ চন্দ্র রায়ের বিরুদ্ধে। এভাবে অপচিকিৎসার নামে অর্থ হাতিয়ে ওই ক্লিনিক মালিক লাকসামে বেশ কয়েকটি বহুতল ভবন নির্মাণ করেছেন। বিভিন্ন অভিযোগে ওই ক্লিনিকের বিরুদ্ধে একাধিক তদন্ত হলেও রহস্যজনক কারনে কোন ব্যবস্থা না নেয়ায় দিনদিন ক্লিনিক মালিক আরও বেপরোয়া হয়ে উঠেছেন।


















































