শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার সদর দক্ষিণে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১২.২০১৫

১০

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যৌতুক না পেয়ে মনি আক্তার (২০) নামের এক গৃহবধূর শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। এমন অভিযোগ করেছেন নিহতের পরিবার। এদিকে ওই ঘটনার পর থেকে তার স্বামী রফিকুল ইসলাম ভুলুসহ অন্যান্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে। বুধবার (২ ডিসেম্বর) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার দলকুইয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মনি আক্তার উপজেলার পালপাড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, ৩ বছর পূর্বে জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের দলকুইয়া গ্রামের ওয়াহেদ মিয়ার ছেলে রফিকুল ইসলামের সাথে একই উপজেলার পালপাড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে মনি আক্তারের (২০) বিয়ে হয়। তাদের ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
মনি আক্তারের ভাই জয়নাল ও পারভেজ জানান, বিয়ের পর থেকেই মনি আক্তারের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন যৌতুকের জন্য তাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।
বুধবার রাত ১০টার দিকে শশুড় বাড়ির লোকজন মনির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিট এবং পরে রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করে। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মির্জা মু. তাইয়্যেবুল ইসলাম জানান, রোগীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, তবে তার অবস্থা আশংকাজনক ছিল।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি