শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজও হয়নি শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.১২.২০১৫

image_3554

ডেস্ক রিপোর্টঃ

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় নিহত শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি আজও। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ জাদুঘর কারও কাছেই নেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা। মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন হলেও শহীদ বুদ্ধিজীবীদের কোনো পূর্ণাঙ্গ তালিকা নেই।

তবে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরীর উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ প্রতিবেদককে তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরীর লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। ঢাকা কেন্দ্রীক কিছু শহীদ বুদ্ধিজীবীদের প্রাথমিক তালিকা তৈরী করা হলেও সারা দেশেরটা এখনো করা হয়নি।

এদিকে রোববার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে শহীদ বুদ্ধিজীবীদের কোনও তালিকা পাওয়া যায়নি। এ বিষয়ে মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. জহুরুল হক এ প্রতিবেদককে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের সবাই তো মুক্তিযোদ্ধা নয়। তাই সবার তালিকা মন্ত্রণালয়ে নেই। আমাদের কাছে শুধু শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা রয়েছে।

এদিকে মুক্তিযুদ্ধ জাদুঘর কতৃপক্ষের কাছেও শহীদ বুদ্ধিজীবীদের কোনও তালিকা নেই। এ বিষয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক এ প্রতিবেদককে বলেন, এই তালিকা করা অনেক কঠিন। মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে এ তালিকা নেই। বাংলা একাডেমি প্রকাশিত স্মৃতি-৭১ নামে একটি বই প্রকাশ করেছে। সেখানে তারা একটি তালিকা করেছেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ম্যানেজার চন্দ্রনীলও এ প্রতিবেদককে একই কথা বলেন। তিনি বলেন, এই তালিকা তৈরী করা খুব কঠিন। এটা তো সারা দেশে আলাদা আলাদা ভাবে সংগঠিত হয়েছে। পরে তিনি যাদের নামে স্মারক ডাক টিকিট প্রকাশ হয়েছে এমন ১৫২ জনের তালিকা এ প্রতিবেদককে দেখান।

এদিকে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে ও খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৭২ সালে সাড়ে ৩০০ শহীদ বুদ্ধিজীবীর একটি অসমাপ্ত তালিকা হলেও পরবর্তীতে এ তালিকাকে চূড়ান্ত রূপ দেয়া হয়নি। পরে ১৯৮৪ সালে শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত লেখা নিয়ে ‘শহীদ বুদ্ধিজীবী স্মারক গ্রন্থ’ প্রকাশ করে বাংলা একাডেমী। ১৯৮৫ সালে বাংলা একাডেমী শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ’ প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে। শহীদ বুদ্ধিজীবীদের নাম সংগ্রহের জন্য তখন বাংলা একাডেমী সব জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিল। সে সময় বাংলা একাডেমী নিজেরাই ঠিক করে যে শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, শিল্পী, চলচ্চিত্রকার, প্রকাশকসহ বিশেষ কিছু পেশাজীবীদের ‘বুদ্ধিজীবী’ হিসেবে বিবেচনা করা হবে।

সেই নীতিমালা অনুযায়ী ১৯৮৫ সালের ১৪ ডিসেম্বর ২৫০ জনের তালিকা নিয়ে শহীদ বুদ্ধিজীবী কোষ গ্রন্থ প্রকাশ করা হয়। যে ২৫০ জন শহীদ বুদ্ধিজীবীর নাম সংগ্রহ করা হয় তাদের অনেকেরই আবাসিক ঠিকানা খুঁজে পাওয়া যায়নি। ফলে বেশকিছু শহীদ বুদ্ধিজীবীর বিস্তারিত তথ্য যোগাড় করা সম্ভব হয়নি। কোষ গ্রন্থের নাম-ঠিকানা ধরে খোঁজ-খবর নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের বেশ কয়েকজনের নিকটাত্মীয়ের লেখা সংকলিত করে ১৯৮৮ সালে বাংলা একাডেমী প্রকাশ করে ‘স্মৃতি-৭১’ গ্রন্থ।

‘স্মৃতি-৭১’ গ্রন্থ প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া জাগায় এবং কোষ গ্রন্থে প্রকাশিত তালিকার বাইরে অনেক শহীদ বুদ্ধিজীবীর আত্মীয়-স্বজন তাদের তথ্য নিয়ে স্বপ্রণোদিত হয়ে বাংলা একাডেমীর সাথে যোগাযোগ করেন। এ পর্যায়ে এসে কোষ গ্রন্থের তালিকাসহ মোট প্রায় ৩২৫ জনের মতো শহীদ বুদ্ধিজীবীর নাম বাংলা একাডেমির হাতে আসে। পরে একের পর এক ‘স্মৃতি-৭১’ প্রকাশিত হতে থাকে। এ গ্রন্থের ১০ম খন্ড প্রকাশিত হয় ৪ ডিসেম্বর ১৯৯৭ সাল পর্যন্ত। ১০ম খন্ডে স্থান পেয়েছে ১২ জন শহীদ বুদ্দিজীবীর নিকটাত্মীয়ের স্মৃতিকথা। ১০ম খন্ড পর্যন্ত বাংলা একাডেমী ২৩৮ জন শহীদ বুদ্ধিজীবীর আত্মীয়-বন্ধুবান্ধবের লেখা স্মৃতিকথা প্রকাশ করে। এর বাইরে বাংলা একাডেমী আর কোন তালিকা সংগ্রহ বা প্রকাশ করতে পারেনি। সরকারও আর কখনো শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করার চেষ্টা করেনি।

অন্যদিকে ১৯৭২ সালে জাতীয়ভাবে প্রকাশিত বুদ্ধিজীবী দিবসের সঙ্কলন, পত্রিকায় প্রকাশিত সংবাদ ও আন্তর্জাতিক নিউজ ম্যাগাজিন ‘নিউজ উইক’ এর সাংবাদিক নিকোলাস টমালিনের লেখা থেকে জানা গেছে, শহীদ বুদ্ধিজীবীর সংখ্যা মোট ১ হাজার ৭০ জন।

স্বাধীনতা পরবর্তী সময়ে একাত্তরের ২৯ ডিসেম্বর গঠিত বুদ্ধিজীবী তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে, রাও ফরমান আলী এদেশের ২০,০০০ বুদ্ধিজীবীকে হত্যার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এই পরিকল্পনা মতো হত্যাযজ্ঞ চালানো সম্ভব হয়নি। কারণ ফরমান আলীর টার্গেট ছিল শীর্ষ বুদ্ধিজীবীদেরকে গভর্নর হাউজে নিমন্ত্রণ করে নিয়ে মেরে ফেলা।

বুদ্ধিজীবীদের আদর্শ আমাদের ভবিষ্যৎ চলার পাথেয় : রাষ্ট্রপতি

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক বানীতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, বুদ্ধিজীবীরা দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতির রূপকার এবং সর্বকালে জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতিকে মেধাহীন করার হীন উদ্দেশ্য নিয়েই স্বাধীনতাবিরোধী চক্র এ বর্বরোচিত হত্যাকান্ড চালায়। জাতি হারায় তার শ্রেষ্ঠ সন্তানদের। আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজš§ শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ গড়তে পারলেই তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ হোক আমাদের ভবিষ্যৎ চলার পাথেয়।

স্বাধীনতাবিরোধীদের প্রতিশোধ স্পৃহা আজও থেমে নেই : প্রধানমন্ত্রী

বুদ্ধিজীবী দিবসের এক বানীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের স্বাধীনতার ইতিহাসে শহীদ বুদ্ধিজীবী দিবস এক কলঙ্কময় দিন। স্বাধীনতার উষালগ্নে স্বাধীনতাবিরোধী অপশক্তি তাদের পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। তিনি বলেন বাঙালি জাতির বিজয়ের প্রাক্কালে তারা দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের সেরা সন্তানদের নির্মমভাবে হত্যা করে। তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আমার শিক্ষক মোফাজ্জল হায়দার চৌধুরী, মুনীর চৌধুরী, আনোয়ার পাশা, শহীদুল্লাহ কায়সার, গিয়াসউদ্দিন, ডা. ফজলে রাব্বি, আবদুল আলীম চৌধুরী, সিরাজউদ্দীন হোসেন, সেলিনা পারভীন, ড. জ্যোতির্ময় গুহ ঠাকুরতাসহ আরও অনেকে। স্বাধীনতাবিরোধীরা এই পরিকল্পিত নৃশংস হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পরাজয়ের প্রতিশোধ নেয়। তাদের সেই প্রতিশোধ-স্পৃহা আজও থেমে নেই।

দেশের অভ্যন্তরের অপশক্তি বুদ্ধিজীবীদের প্রত্যাশা বাস্তবায়ন হতে দেয়নি: খালেদা জিয়া

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার বাণীতে বলেছেন, বর্তমানে রাষ্ট্রীয় গণতন্ত্র এখন নির্বাসনে। ক্ষমতাসীন গোষ্ঠী বিভেদ অনৈক্য এবং সংকীর্ণতার দ্বারা জাতীয় অগ্রগতির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। খালেদা জিয়া বলেন, দেশমাতৃকার বরেণ্য শ্রেষ্ঠ সন্তান অমর বুদ্ধিজীবীরা-একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন, প্রত্যাশা করেছিলেন ন্যায়বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক সমাজ। কিন্তু দেশের অভ্যন্তরে অপশক্তি তাদের সে প্রত্যাশাকে বাস্তবায়িত হতে দেয়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি