ডেস্ক রিপোর্টঃ
সংরক্ষণের উদ্যোগ না থাকায় অস্তিত্ব হারাতে বসেছে চট্টগ্রামের মুজাফরবাদ বধ্যভূমি। নেত্রকোনার ১৬টি বধ্যভূমিও আছে অরক্ষিত। স্বাধীনতার চার দশক পরেও স্থানগুলো সরকারি স্বীকৃতি না পাওয়ায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও শহীদদের পরিবার।
পাকিস্তান বাহিনীর নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে মুজাফরবাদের গ্রাম পাহাড়া দিচ্ছিলেন কয়েকশ যুবক। ২৩ মে প্রচন্ড বৃষ্টির কারণে পাশের মন্দিরে বিশ্রাম নিচ্ছিলেন তারা। হঠাৎ সকালের দিকে হানাদার বাহিনী স্থানীয় রাজাকারদের সহায়তায় পুরো গ্রামে শুরু করে হত্যাযজ্ঞ। মারা যায় নিরীহ ৩শতাধিক নারী-পুরুষ ও শিশু। সেই স্মৃতি মনে হলে এখনো চোখ ভিজে যায় প্রত্যক্ষ যারা দেখেছেন সেই দৃশ্য।
দেশ স্বাধীনের এতো বছর পর জায়গাটি পায়নি সরকারি স্বীকৃতি। আর এ নিয়ে ক্ষোভের শেষ নেই স্থানীয়দের। একাত্তরের ২৯ এপ্রিল পাক-সেনারা নেত্রকোনার ত্রিহনীর ব্রীজ, মুক্তারপাড় ব্রীজ থানারপাশে ও চন্দনাথ স্কুলের কাছে নদীর তীর চল্লিশা রেল ব্রীজ ঢালায় নদীর তীর ও বিড়িসিঁড়ি সহ অন্ত্যত ১৬ স্থানে নির্বিচারে গণহত্যা চালায়। শহীদ হন কয়েক হাজার মুক্তিকামী জনতা।
স্থানগুলো সংরক্ষণের উদ্যোগ না নেয়ায় ক্ষোভ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। বদ্ধভূমি গুলো সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার দাবি শহীদ পরিবারের সদস্যদের।


























































