শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সংশয় ভোটার উপস্থিতি নিয়েও


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০১৫

rajshahi20151227120627
ডেস্ক রিপোর্ট :

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়ায় অস্থিতিশীল নির্বাচনী পরিবেশে সন্ত্রাসী হামলাসহ নানা ধরনের নাশকতার ঝুঁকি থাকায় ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেকেই।

এ ছাড়া গত কয়েকদিন ধরে বিরোধী দলের মেয়রপ্রার্থীসহ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদেরকেই হয়রানি-নির্যাতন করায় আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রাখতে পারছেন না সাধারণ ভোটাররা। পাশাপাশি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারার শঙ্কাতে অনেকে সেদিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাই আসন্ন পৌরসভা নির্বাচনে ভোটারের ন্যূনতম উপস্থিতি নিয়ে দেখা দিয়েছে নানা সংশয়। আর এ পরিস্থিতিতে জাল ভোটের হিড়িক ও ভোট ডাকাতির আশঙ্কা করছেন নির্বাচন পর্যবেক্ষকরা।

নির্বাচন সংশ্লিষ্টদের দাবি, ন্যূনতম ভোটার ভোটকেন্দ্রে উপস্থিত না হলে পৌরসভা নির্বাচনের বৈধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠবে। ফলে নির্বাচনে যে দলের প্রার্থীই জয়ী হোক না কেন, তাদেরকে স্থানীয়ভাবে পদাধিকার ক্ষমতা প্রয়োগে চরম ভোগান্তি পোহাতে হবে। পাশাপাশি নির্বাচনী হঠকারিতার প্রভাব জাতীয় রাজনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে।
যদিও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এমন আশঙ্কা উড়িয়ে দিয়ে বলছেন, অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের পৌরসভা নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রয়েছে। প্রতিটি পৌরসভাতে প্রয়োজন অনুযায়ী র‌্যাব-পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া এই নির্বাচনে রেকর্ডসংখ্যক ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকছে। তাই ভোটার উপস্থিতি কম হওয়ার কোনো প্রশ্নই আসে না।

তবে নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, এবারকার পরিস্থিতি বিগত যে কোনো সময়ের চেয়ে খারাপ। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই বিএনপি-জামায়াতের প্রার্থীরা মাঠেই নামতে পারেনি। ঝুঁকি নিয়ে যারা প্রচার-প্রচারণায় নেমেছেন তারাই হামলা-নির্যাতনের শিকার হয়েছেন। তাই জয় নিশ্চিত করতে ভোটের দিন তাদের ঝুঁকি নিয়ে সোচ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, ক্যাডারবাজ প্রার্থীরা বিকল্পব্যবস্থায় নিজেদের এগিয়ে রাখতে আন্ডারওয়ার্ল্ডের ডনদের শরণাপন্ন হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তাই নির্বাচনী পরিবেশ স্বাভাবিক আছে এ কথা বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন পর্যবেক্ষকরা।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, একটা নির্বাচন তখনই ভালো হয় যখন নির্বাচনে ভোটার টার্ন আউট ৬০ বা তার অধিক হয়। ৪০ বা ৫০ ভাগ ভোট কাস্ট হলে সে নির্বাচনকে কোনোক্রমেই ভালো নির্বাচন বলা যাবে না। তবে এবারের নির্বাচনে প্রকৃত ভোটার ৩৫ শতাংশ ভোটকেন্দ্রে উপস্থিত হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে বলে দাবি করেন তারা।

নাম প্রকাশ না করার শর্তে একজন সুধীজন প্রতিনিধি বলেন, বর্তমান সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের আচরণ এবং কার্যকলাপে তা প্রতীয়মান হচ্ছে না। ইসির ভূমিকাও সন্তোষজনক নয়। যা এখন সর্বমহলে ওপেন সিক্রেট। তাই সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আগ্রহ না থাকাটাই স্বাভাবিক। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের ক্যাডারদের হাতে বিরোধীদলীয় প্রার্থী ও তার সহযোগীদের নির্যাতিত হওয়ার অসংখ্য ঘটনা এবং সর্বশেষ গত রোববার মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার জাতীয় পার্টি (জেপি) মেয়রপ্রার্থী খন্দকার মোহাম্মদ হোসেন রেনুর এবং সাতকানিয়ার বিএনপিদলীয় প্রার্থী রফিকুল আলমের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ইস্যু তুলে ধরে ওই সুধীজন প্রতিনিধি বলেন, ‘এটাই তো লেভেল প্লেয়িং ফিল্ডের নমুনা।’

বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও রাজনৈতিক মামলা, অন্যদিকে সরকার সমর্থিতদের বেশি সুযোগ দেয়ায় নির্বাচন এমনিতেই প্রশ্নবিদ্ধ। তার ওপর এ ধরনের ঘটনা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগে সাধারণ ভোটারদের কতখানি আগ্রহ আছে তা ভোটারদের সঙ্গে কথা বলে পরিষ্কার ধারণা পাওয়া গেছে। নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান বলেন, ‘ভোটের চেয়ে জানের দাম বেশি। তাই ঝুঁকি নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।’ প্রচারণার মাঠে ক্ষমতাসীনরা যেভাবে অবৈধ ক্ষমতার ব্যবহার করেছে, ভোটের দিনও একই ঘটনা ঘটবে এটাই স্বাভাবিকথ মন্তব্য করেন আরিফুর।

তার মতো একই আশঙ্কা প্রকাশ করে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন, একই এলাকার ব্যবসায়ী কালিদাস পোদ্দার। তিনি বলেন, মিডিয়ার মাধ্যমে বিভিন্ন পৌরসভায় যে ধরনের হামলা-নির্যাতনের খবর পাওয়া গেছে তাতে সাধারণ ভোটার ঝুঁকি নিয়ে ভোটকেন্দ্রে যাবে বলে মনে হয় না।

এদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত একাধিক মেয়রপ্রার্থীর সঙ্গে কথা বলে নির্বাচনী ভয়াবহ পরিবেশ সম্পর্কে বেশ কিছু উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। তারা জানান, পোলিং এজেন্ট জোগাড় করতেই তাদেরকে হিমশিম খেতে হয়েছে। হামলা ও নাশকতার আতঙ্কে কেউ ঝুঁকি নিতে চাইছেন না। এ অবস্থায় কতজন ভোটার ভোটকেন্দ্রে আসবেন তা নিয়ে তারা সংশয়ে রয়েছেন। দলের শীর্ষ নেতারা মাঠে থাকার হুঙ্কার দিলেও দলের নেতাকর্মীরা তাতে সাড়া দিচ্ছেন না বলেও স্বীকার করেন বিরোধীদলীয় ওই প্রার্থীরা।

এদিকে শুধু সাধারণ ভোটার কিংবা বিরোধী দলের প্রার্থীরাই নন, ন্যূনতম ভোটার উপস্থিতি নিয়ে খোদ নির্বাচন কমিশনও দুশ্চিন্তায় রয়েছেন বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রিজাইডিং ও পোলিং অফিসার জানান, তারা নিজেরাই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছেন। নির্বাচনী আচরণ বিধি লক্সঘন করে ক্ষমতাসীন দলের প্রার্থীরা প্রচারণার মাঠে দাপিয়ে বেড়ালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চেষ্টা করে অনেকেই হেনস্তা হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানায়, এ ইস্যুটি সরকারের জন্যও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই ভোটকেন্দ্রে ভোটার টানার সব ধরনের উদ্যোগ নিতে স্থানীয় প্রশাসনকে অলিখিত নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে ভোটার উপস্থিতি বাড়াতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও তৎপর হয়ে উঠেছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারের নির্দিষ্ট কেন্দ্র, ভোট নম্বর ও ভোটার সস্নিপ পৌঁছে দেয়ার পাশাপাশি ভোটকেন্দ্রে যাওয়ার ব্যবস্থা করে রাখার কথা জানিয়ে আসছেন। তাদের অনেকেই ভোটারদের মোবাইল নাম্বার সংগ্রহ করে ভোটকেন্দ্রে আসার জন্য খুদে বার্তা পাঠানো শুরু করেছেন।
তবে এসব থেরাপি কতটা কাজে লাগবে তা নিয়ে সন্দিহান নির্বাচন পর্যবেক্ষকরা। তাদের ভাষ্য, বিরোধী দলের নেতাকর্মীরা নির্বাচনে মাঠে থাকতে পারছেন কিনা বা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে নির্বাচন কমিশন খুব একটা চিন্তিত বলে মনে হয় না। বরং তাদের চিন্তার ইস্যু ভিন্নখানে আটকে আছে। কেননা তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত যতগুলো নির্বাচনী সহিংসতার খবর এসেছে, তার প্রায় সবই ঘটেছে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে। বিরোধী দলের প্রার্থীরা অনেকটা আড়ালে-আবডালে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কিন্তু ক্ষমতাসীন দলের মেয়র-কাউন্সিলর প্রার্থীরা যেভাবে নিজেদের মধ্যেই সহিংস লড়াইয়ে নেমেছেন তা নিয়ে এখন রিটার্নিং কর্মকর্তারা ভয়ে ও শঙ্কায় রয়েছেন। কারণ, কোনো পক্ষের ক্ষমতা কম নয়। অথচ নির্বাচন কমিশন বা প্রশাসনের পক্ষে ক্ষমতাসীন দলের কোনো পক্ষকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ফলে ভোটের দিন তাদের অভ্যন্তরীণ সহিংসতায় খোদ প্রশাসনের কর্মকর্তারাও নিরাপত্তাহীন হয়ে পড়তে পারেন, যার প্রভাব পড়বে সাধারণ ভোটারদের ঘাড়ে।

নির্বাচন কমিশনের একাধিক কর্মকর্তা নাম গোপন রাখার শর্তে বলেন, সারা দেশে সহিংসতার ঘটনায় নির্বাচন কমিশনও উদ্বিগ্ন। দুটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নিতে ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। আইনশৃক্সখলা বাহিনীকে কঠোর হতে এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। তারা সংশয় প্রকাশ করে বলেন, নির্বাচনে সব দল অংশ নেয়ায় সহিংসতার আশঙ্কা বেশি। কোনো প্রার্থী ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলেই বিদ্রোহীসহ অন্য দলের প্রার্থীরা একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে। এতেই ছোট ঘটনায় সহিংসতায় রূপ নিতে পারে।
তারা আরো জানান, বিভিন্ন পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে পুলিশ প্রশাসন কাজ করছে বলে ইসিতে বিস্তর অভিযোগ জমা হয়েছে। কয়েকটি অভিযোগের সত্যতা পাওয়ায় এ পর্যন্ত ওসিসহ প্রায় এক ডজন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সদস্যরা নির্বাচনে অনিয়মে সহায়তা করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তারা।

এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, ‘মাঠ পর্যায়ের যে অবস্থা দেখছি তাতে এ নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হয় না। ভোটের দিন বেশিরভাগ পৌরসভায় মারামারি, হানাহানি হতে পারে বলে মনে হচ্ছে। তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো শক্ত হলে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটবে। কিন্তু রিটার্নিং কর্মকর্তার ওপর সব ছেড়ে দিলে নির্বাচনে অনিয়মের দায় কমিশনকেই নিতে হবে। এ ছাড়া সরকারও ভাবমূর্তি সংকটে পড়বে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী না হলে মানুষের উপস্থিতি শুধু ভোটকেন্দ্রে নয়, রাস্তাঘাটেও দেখা যায় না। বর্তমান অবস্থা তেমনই হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার কথা বলে যে রাজনৈতিক দল ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে সংসদ গঠন করে, সেই দলের অধীনে সুষ্ঠু নির্বাচনের চিন্তা করা অনেকটা অস্বাভাবিক ব্যপার। তাই ৫ জানুয়ারিসহ সিটি করপোরেশন, উপজেলা পরিষদ নির্বাচনগুলোতে যে চিত্র ফুটে উঠেছে, পৌরসভাতেও সেই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

ভোটের অধিকার খর্ব হওয়ার শঙ্কা প্রকাশ করে অধ্যাপক মিজান বলেন, গত কয়েকদিন ধরে শুধু বিএনপি নয়, বিরোধী পক্ষে থাকা অধিকাংশ প্রার্থী ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে হয়রানি-লাঞ্ছনার শিকার হচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে শাসক দলের কর্মীরা আবারো ভোটকেন্দ্র দখল করবে। খর্ব হবে সাধারণ মানুষের ভোটের অধিকার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি