ড্যান্ডি ডাইং কোম্পনীর ঋণ খেলাপীর মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিবাদীদের বিরুদ্ধে ইস্যুগঠনের শুনানির জন্য আগামী ২ ফেব্রুয়ারি দিন ঠিক করেছে আদালত।
আজ (মঙ্গলবার) মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের পক্ষে জবাব দাখিল এবং ইস্যুগঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন জবাব দাখিল না করে ফের সময় প্রার্থণা করেন তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া।
ঢাকার প্রথম অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নাসরিন জাহান বিবাদী পক্ষের সময় আবেদন মঞ্জুর করে ২ ফেব্রুয়ারি জবাব দাখিল এবং ইস্যুগঠনের দিন ধার্য করেণ।
মামলাটিতে গত বছর ১৫ জুলাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে আদালতে জবাব দাখিল করা হয়।
ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপী ঋণের ওই মামলায় এর আগে মামলাটিতে বিবাদী হিসেবে থাকা কোকো মারা যাওয়ায় গত বছর ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া ও কোকোর স্ত্রী সন্তানদের বিবাদী হিসেবে পক্ষভুক্ত করেণ।
মামলাটিতে অপর বিবাদী হলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রয়াত সাঈদ এস্কান্দরের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, মিসেস শামসুন নাহার ও মাসুদ হাসান।
২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেণ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপীর অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।























































