শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১৯৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর তথ্য সংগ্রহে কমিটি


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০১.২০১৬

images49
নিজস্ব প্রতিবেদক:

পাকিস্তানের ১৯৫ যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহে কমিটি গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সংস্থার তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় রাজধানীর ধানম-িতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান।

আবদুল হান্নান খান জানান, পাকিস্তানের ১৯৫ জনের বিচারের বিষয়ে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহ করতে প্রাথমিকভাবে এ কমিটি করা হয়েছে। এটি কোনো আনুষ্ঠানিক তদন্ত নয়। সরকারের নির্দেশনা পেলেও এ ক্ষেত্রে প্রস্তুত হলে দেশীয় যুদ্ধাপরাধীদের পাশাপাশি পাকিস্তানি ১৯৫ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।

সংবাদ সম্মেলনে মামলার তদন্তকারী কর্মকর্তা হরি দেবনাথ উপস্থিত ছিলেন।

আবদুল হান্নান খান জানান, ঢাকার পাশাপাশি দেশের অন্য সাতটি ‍বিভাগীয় পর্যায়ে মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্তের জন্য তদন্ত সংস্থার পর্যাপ্ত জনবল রয়েছে। ওই সাত বিভাগীয় শহরেও তদন্ত সংস্থার কার্যালয় স্থাপন করে সেখান থেকে তদন্তকাজ পরিচালনার চিন্তা করা হচ্ছে।

কমিটির প্রধান মতিউর রহমান বলেন, ‘সোমবার এ কমিটি গঠনের পর গত মঙ্গলবার আমরা প্রথম বৈঠক করেছি। স্বাধীনতার পর ত্রিদেশীয় সিমলা চুক্তির আওতায় বিচার করা হবে বলে জানিয়ে পাকিস্তান চিহ্নিত যুদ্ধাপরাধী ১৯৫ সেনা কর্মকর্তাকে ফিরিয়ে নিয়ে যায়। নৌ ও বিমানবাহিনীর আরো পাঁচজনসহ মোট ২০০ যুদ্ধাপরাধীর বিষয়ে আমরা প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি প্রথম বৈঠকে। এসব পাকিস্তানি কর্মকর্তা মুক্তিযুদ্ধ চলাকালে কে কোথায় অবস্থান করছিলেন, কী কী দায়িত্ব পালন করেছেন এবং কীভাবে মানবতাবিরোধী অপরাধ করেছেন, সেসব বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করব।’ পাকিস্তানি যুদ্ধাপরাধীদের এ সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান তিনি।

মতিউর রহমান বলেন, ‘এ ছাড়া ত্রিদেশীয় সিমলা চুক্তি ও মুক্তিযুদ্ধের পর পাকিস্তান সরকারের গঠিত সে দেশের হামদুর রহমান কমিশনের প্রতিবেদন কপি সংগ্রহ করব। এ দুই চুক্তি ও প্রতিবেদনে পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা আছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি