শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এরশাদ এখন সোনার হরিণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৬

ershad_1_21-400x268
ডেস্ক রিপোর্টঃ

খাতা কলমে এখন প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। দলটির অতীত পর্যালোচনায় দেখা যায়, থেকে থেকেই দলটির মালিকানা নিয়ে চলেছে টানা হ্যাঁচড়া। কখনো রওশন এরশাদ দাবি করেছেন তিনিই দলটির কা-ারি। আর দলের প্রতিষ্ঠাতা হিসেবে মালিকানা এখন পর্যন্ত আঁকড়ে আছেন হুসেইন মুহম্মদ এরশাদ। তবে দলটি সংসদ থেকে পদত্যাগ করলে অথবা দলের মালিকানার ভার এরশাদ ব্যতিত অন্যকারো হাতে চলে গেলে বড় বিপাকে পড়বে সরকার। এমন মত দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এখন পর্যন্ত জাতীয় পার্টির দায়ভার ও দায়িত্ব এরশাদের হাতেই। দলটির পক্ষ থেকে হুঁশিয়ারি আছে, কার্যকর এবং শক্তিশালী বিরোধী দলের স্বীকৃতি পেতে সরকারের মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার কথা ভাবছে তারা। আর এই সিদ্ধান্ত আরো একটু বেগবান হয়ে জাতীয় পার্টির সদস্যরা পদত্যাগ করে সংসদ থেকে বেরিয়ে গেলে বড় ধরনের চাপে পড়বে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এদিকে, বেশ কিছুদিন ধরে কিছুটা নীরব বিএনপিও নতুন করে সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও সমর্থন পেতে কাজ চালিয়ে যাচ্ছে বিএনপি। সম্প্রতি পৌর নির্বাচনে ভোট কারচুপি ও অনিয়মের দালিলিক প্রমাণাদি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিকদের কাছে উপস্থাপন করেছে দলটি। বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকে বিএনপির প্রতিনিধি দল এই অনিয়ম তুলে ধরেন।

এমন সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় রেখে তাই বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক বিপর্যয়ে পড়তে পারে ক্ষমতাসীনরা। প্রধান বিরোধীদল সংসদে না থাকার অর্থই হচ্ছে আবারো একটি নির্বাচন। যা বিএনপির পক্ষ থেকে বরাবরই দাবি করা হচ্ছে। আর এমন পরিস্থিতির সৃষ্টি হলে নতুন করে আবারো সরকারের ভাবমূর্তির প্রশ্ন এসে দাঁড়াবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে।

অপরদিকে, সম্প্রতি যুক্তরাজ্যও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে তাদের মন্তব্য স্পষ্ট করেছে। বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ নির্বাচন তারা দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক। বুধবার সকালে রাজধানীর বারিধারায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ঠিক যখন রাজনীতির পাঠশালায় চলছে এমন পরিবর্তন ঠিক তখনই হুসেইন মুহম্মদ এরশাদ বুধবারের বক্তৃতায় স্পষ্ট করেছেন, মন্ত্রিসভা থেকে তারা বেরিয়ে আসতে চান। এতে দলীয় নেতাকর্মীরাও খুশি। তাদের মধ্যে আবারো ফিরে এসেছে নবরাজনৈতিক চেতনা।

এমন পরিস্থিতিতে এরশাদকে বশ করে রাখাটাই সরকারের প্রধান রাজনৈতিক কৌশল হওয়া উচিত বলে মনে করছেন বিশ্লেষকরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি