শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এরশাদ সকালে এক কথা, বিকালে আর এক কথা বলেন : নাসিম


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৬

184108_1-400x245

ডেস্ক রিপোর্ট :

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নিজের কথার যেমন কোনো মূল্য নেই, তেমনি তার দলেরও কোনো ঠিক নেই। এরশাদ সকালে এক কথা ও বিকালে আর এক কথা বলেন। তেমনি তার দলে সকালে একজন বিকেলে আর একজনকে মহাসচিব বানানো হয়। তবে এ নিয়ে আওয়ামী লীগের কোনো কৌতূহল বা মাথা ব্যথা নেই। আওয়ামী লীগ একটি বড় দল। সেই দলের কার্যক্রম নিয়েই সকলে ব্যস্ত থাকে। জাতীয় পার্টির এ সকল সমস্যা তাদের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে মহাজোট ভাঙ্গার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্ট পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। পরিদর্শনকালে সাবেক মন্ত্রী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, নবনির্বাচিত মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, বিমল কুমার দাস, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক দানিউল হক দানি, মোহাম্মদ আলী জিন্নাহসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার দুপুরে মন্ত্রী নিজস্ব অর্থায়নে কাজীপুরের চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে কলেজ প্রাঙ্গণে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। চালিতাডাঙ্গা মহিলা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি তানভীর শাকিল জয়। অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, কলেজের বিদায়ী অধ্যক্ষ খোসলেহাজ উদ্দিন, বর্তমান অধ্যক্ষ ফজলুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি আব্দুল গফুর বক্তব্য রাখেন। সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফ উদ্দিন ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বিএনপিকে মাথা ঠা-া রেখে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। তার আগে কোনো আন্দোলন জনগণ মেনে নেবে না। যদি তারা আন্দোলনের নামে মানুষ হত্যাসহ জনগণের ক্ষতি সাধন করে, তবে তাদের অবস্থা হবে ভয়াবহ। বর্তমানে বিএনপি জনগণ থেকে অনেক দূরে সরে গেছে। আরো কোনো ভুল করলে জনগণ তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। যে কারণে গণতন্ত্রের স্বার্থে তাদের সঠিক রাজনীতির দিকে আসতে হবে। আগামী নির্বাচনের মধ্যদিয়ে তাদের এই পরীক্ষা নেবে জনগণ।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে উন্নয়ন প্রকল্পে শুধুই লুটপাট করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিনা যুদ্ধে ভারতের সঙ্গে ছিটমহল বিনিময় হয়েছে। সমুদ্র সীমা নির্ধারণ করা হয়েছে। দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। দেশের উন্নয়নের জন্য তিনি প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি