মুক্তিযুদ্ধের সময় মিত্র বাহিনীর বোমার আঘাতে ভেঙে যাওয়া হার্ডিঞ্জ ব্রিজের স্প্যানের অংশবিশেষ ৪৪ বছর পর পদ্মায় ভেসে উঠেছে। স্থানীয় রেল কর্তৃপক্ষ এই ঐতিহাসিক স্মারক সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেছে।
জানা যায়, রাষ্ট্রীয়ভাবে স্বর্ণপদকপ্রাপ্ত স্থানীয় ডুবুরি আশরাফ আলী খান কয়েক দিন আগে পদ্মায় মাছ ধরতে গিয়ে হার্ডিঞ্জ ব্রিজের ওই ভাঙা স্প্যানের অস্তিত্ব টের পান।
হার্ডিঞ্জ ব্রিজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রেলওয়ের সেতু প্রকৌশল অধিদপ্তরের পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হার্ডিঞ্জ ব্রিজের ভেঙে পড়া সেই স্প্যানের কিছু অংশ ১৯৭২ সালে একবার পদ্মায় ভেসে উঠেছিল। কিন্তু তখন পানির গভীরতা বেশি থাকায় কিছু অংশ উদ্ধার করা গেলেও বেশিরভাগ অংশই নদীতে রয়ে যায়। দু-তিন দিন আগে সেই স্প্যানের বাকি অংশ ভেসে ওঠার খবর শুনে রেলওয়ে কর্তৃপক্ষ সরেজমিন পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রেলওয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
হার্ডিঞ্জ ব্রিজের শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী যাতে হার্ডিঞ্জ ব্রিজ ব্যবহার করে নদীর এপারে এসে হামলা করতে না পারে সে জন্য ভারতীয় মিত্র বাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ব্রিজে বোমা ফেলে। এতে ব্রিজের ১২ নম্বর স্প্যানটি ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। ভেঙে পড়া স্প্যানটির কোনো খোঁজ না পেয়ে ১৯৭৫ সালে নতুন করে সেটি প্রতিস্থাপন করা হয়। ওই বছরের ৫ আগস্ট হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে আবারও ট্রেন চলাচল শুরু হয়।


























































