রাজধানীর পূর্ব রামপুরায় প্রকাশ্যে এক ঠিকাদারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। চাঁদা না দেয়ায় বাসাই ফকির নামে ওই ঠিকাদারকে শুক্রবার রাতে রাজধানীর পূর্ব রামপুরার জামতলা মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পার্শ্ববর্তী কয়েকটি ভবনে থাকা সিসি ক্যামেরার ছবিতে ধরা পড়ে পুরো ঘটনা। ঘটনার পরপরই ঘটনাস্থলের কিছুদূর থেকে হামলাকারী একজনকে পুলিশ গ্রেফতার করলেও এখনো আতঙ্ক কাটেনি এলাকায়।
শুক্রবার রাত ৮টার কিছু পরে জামতলা মোড়ে মোবাইল ফোনে কথা বলছেন। এমন সময় পাশের একটি গলি থেকে হঠাৎই কয়েক জন যুবকের আগমন ঘটে। হাতে ধারালো অস্ত্র। শুরুতে কিছুটা দ্বিধান্বিত দেখা গেলেও পিছ থেকে কারো একজনের নির্দেশনা পাওয়া মাত্রই অস্ত্রধারীরা কোপানো শুরু করে ঠিকাদার বাসাই ফকিরকে। জীবন বাঁচাতে সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করে বাসাই। কিন্তু কিছুদূর না যেতেই ৫ জনের সন্ত্রাসী দলটি একযোগে আবারো হামলা চালায় তার ওপর। এ সময় সন্ত্রাসীদের একজনকে পিস্তল লোড দিতে দেখা যায়। গুরুতর আহত অবস্থায়ও আবারো দৌড়ে পালায় বাসাই। তার পিছে ফের দৌড়াতে দেখা যায় সন্ত্রাসীদের। এরপর বাসাইয়ের বুকে-পেটে পরপর ৩টি গুলি করে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। হামলা শেষে স্থানীয় লোকজন নুর মোহাম্মাদ নামে একজন সন্ত্রাসীকে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশে সোপর্দ করেন। হামলার পুরো ঘটনাটি ঘটাতে সন্ত্রাসীরা সময় নেয় মাত্র ৩-৪ মিনিট।
উদ্ধারের পর রাত ৯ টার দিকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হলেও বাঁচানো যায়নি বাসাইকে। হামলাকারীরা স্থানীয় সন্ত্রাসী শাহজাদার লোকজন বলে জানায় রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রফিকুল ইসলাম। নিহতের পরিবারও জানায়, দীর্ঘদিন ধরেই শাহজাদার লোকজন বাসাইয়ের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলো। সে টাকা না দেয়ার কারণেই ঠিকাদার বাসাইয়ের প্রাণ গেছে বলেও দাবি করেন স্বজনরা।























































