চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পুলিশ সপ্তাহের প্যারেডে নেতৃত্ব দিলেন। মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্যারেডের মধ্য দিয়ে শুরু হয়েছে এই পুলিশ সপ্তাহের কার্যক্রম। অধিনায়ক হিসেবে প্যারেডের নেতৃত্ব দেন চাঁদপুর জেলা পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। সোমবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী সারা দেশের পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত ১৩টি কনটিনজেন্টের (মহানগর পুলিশ, রেঞ্জ পুলিশ, আর্মড পুলিশ, র্যাবসহ পুলিশের ১৩টি দল) এই প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন। এসপি শামসুন্নাহারের নেতৃত্বে পরিচালিত এই প্যারেডে অংশ নিচ্ছেন সহস্রাধিক পুলিশ সদস্য। লৈঙ্গিক সমতা এবং নারীর ক্ষমতায়নে এটা নতুন মাইলফলক।
নারী কর্মকর্তাকে প্যারেড অধিনায়ক নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল দুটি। একটি হলো নারীর ক্ষমতায়নের বিষয়কে গুরুত্ব দেওয়া, আরেকটি লৈঙ্গিক সমতা। গত বছর পুলিশ সপ্তাহে প্যারেডে উপ-অধিনায়ক ছিলেন একজন নারী। এবার আমরা অধিনায়কের দায়িত্ব একজন নারী কর্মকর্তাকে দিয়েছি।’
এবারের পুলিশ সপ্তাহে ২০১৫ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১৯ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ২০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২৩ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা ও ৪০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাঁদের পদক পরিয়ে দেবেন।
মুঠোফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শামসুন্নাহার বলেন, ‘২০০১ সাল থেকে পুলিশ একাডেমির সারদার ক্যাম্প থেকে প্যারেড করে আসছি, আমি অপেক্ষায় ছিলাম দিনটির জন্য। কারণ, প্যারেড একটি অত্যন্ত দায়িত্বশীল ও সূক্ষè কাজ। এ জন্য দেশবাসীসহ সবার কাছে আমি দোয়া কামনা করছি। যাতে করে যথাযথভাবে আমি আমার দায়িত্ব পালন করতে পারি।’


























































