শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপির ১১ নেতাকে পাঠানো হচ্ছে জেলা সফরে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০২.২০১৬

bimpi

ডেস্ক রিপোর্টঃ

বিএনপির আসন্ন জাতীয় কাউন্সিল সফল করার লক্ষে এবার কেন্দ্রের ১১ নেতাকে দায়িত্ব দিয়ে সংগঠনিক জেলা সফরে পাঠানো হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে আগামী ২ মার্চের মধ্যে সাংগঠনিক রির্পোট কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।

সম্প্রতি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতাদের কাছে সাংগঠনিক বিষয়ে খোজ খবর নেন। জাতীয় কাউন্সিলের পাশাপাশি বেগম জিয়া জেলা সম্মেলন করার ওপর গুরুত্ব দেন। এসময় তিনি নেতাদেরকে জাতীয় কাউন্সিলের আগে দ্রুত জেলা কমিটিগুলোর সম্মেলন শেষ করার নির্দেশ দেন।

দলের সুত্র জানায়, বিভাগ ও জেলা সফরে গিয়ে সেখানের সাংগঠনিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন দায়িত্বপ্রাপ্ত এই নেতারা। নেতারা ঢাকায় ফিরে তাদের প্রতিবেদন জমা দেবেন। এর ভিত্তিতে জেলা ও মহানগর সম্মেলনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন শীর্ষ নেতৃত্ব।

জানতে চাইলে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেন, জাতীয় কাউন্সিলের আগে আমাদের কেন্দ্রীয় নেতারা বিভিন্ন জেলা সফরে যাবেন। সেখানে সংগঠনের সম্মেলনসহ যেসব বাধা আছে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সফর থেকে ফিরে দায়িত্বপ্রাপ্ত নেতারা চেয়ারপারসনের কাছে প্রতিবেদন জমা দেবেন। এর উপর ভিত্তি করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এদিকে দলটির অপর যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেন, জাতীয় কাউন্সিলের আগে সব সাংগঠনিক জেলায় সম্মেলন করে কমিটি গঠন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয়ে আছে তার দল। তিনি বলেন, দলপুর্ন গঠন কাজে আমাদেরকে নানা ভাবে সরকারের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। এরমধ্যে থেকেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা লক্ষ্য করবেন আমরা যেসব জেলায় সম্মেলন করতে চাচ্ছি সেখানের স্থানীয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা না করে বরং নানা ভাবে সমস্য তৈরি করছে। ভেন্যু বা সম্মেলন করার অনুমতি পেতে দেরি হচ্ছে। সম্মেলনের তারিখ দিয়ে আবার তা স্থগিতও করতে হচ্ছে।

দলের সুত্র জানায়, দল পুনর্গঠন তৎপরতা তদারকির জন্য কেন্দ্র থেকে সাংগঠনিক সফরের জন্য ১১ জন সিনিয়র নেতার কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জাতীয় কাউন্সিলের আগে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের পুনর্গঠনের প্রক্রিয়াকে তরান্বিত করার জন্য সংশ্লিষ্ট জেলায় দলীয় নেতৃবৃন্দ ও কর্মীদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক তৎপরতা তত্ত্বাবধানের দায়িত্ব দেয়া হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ঠ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদক সর্বাত্মক সহযোগিতা দেবেন। আগামী ২মার্চের মধ্যে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রতিবেদন দেয়ার জন্য নেতাদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত ১১ সিনিয়র নেতারা হলেন ঢাকা,নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে ড. ওসমান ফারুক, বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীতে আমির খসরু মাহমুদ চৌধুরী। মানিকগঞ্জ,গাজীপুর ও ফরিদপুরে সেলিমা রহমান। জামালপুর,শেরপুর,কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে ইকবাল হাসান মাহমুদ টুকু, বরিশাল বিভাগে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, রাজশাহী জেলা ও মহানগরে মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ। সিলেট বিভাগে চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী। ময়মনসিংহ উত্তর,দক্ষিণ ও মহানগরে মীর মোহাম্মদ নাসিরউদ্দিন। রংপুর বিভাগে মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী। খুলনা বিভাগে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি