শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজনৈতিক দলে গণতন্ত্রের আওয়াজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০২.২০১৬

democracy-400x200
ডেস্ক রিপোর্টঃ

বিশ্বব্যাপী গণতন্ত্র কি দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে? ২০১৪ জুড়ে রাষ্ট্রবিজ্ঞানী, অর্থনীতিবিদ এবং রাজনীতিকদের মধ্যে নানা বিতর্কে বারবার এই প্রশ্নটিই ঘুরেফিরে এসেছে। বছরের গোড়ার দিকে ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্ট এক বিশ্লেষণধর্মী নিবন্ধে মন্তব্য করে যে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের বিপর্যয়ের ব্যাখ্যা রয়েছে গণতন্ত্রের প্রাণকেন্দ্র যেসব সমস্যায় পীড়িত সেগুলোর মধ্যেই। বিংশ শতাব্দীতে গণতন্ত্রের চমকপ্রদ বিকাশ ঘটেছিল। অনেক দেশে গণতন্ত্র এখনও মজবুত। বাংলাদেশেও গণতন্ত্রের চর্চা শুরু হয়েছে। এবং গণতন্ত্র চর্চার অনুভব করতে শুরু করছে দেশের রাজনৈতিক দলগুলো।

গণতান্ত্রিক উপায়ে ভোটাভুটির মাধ্যমে সিলেট জেলা ও মহানগর বিএনপিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। কাউন্সিলরদের সরাসরি ভোটে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন। ৭ ফেব্রুয়ারি বিকেলে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনকারী এম নুরুল হক। আওয়ামী লীগের ভেতরও গণতন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে। যদিও আগামী কাউন্সিলে তেমন কোনো পরিবর্তনের আওয়াজ শোনা না গেলে গণতন্ত্রের চর্চা করতে বলাবলি  শোনা গেছে।

দলের কাউন্সিল নিয়ে রাজনীতিতে চলছে ব্যাপক আলোচনা। কাউন্সিল নিয়ে তোড়জোড় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিতে। প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ থাকা জামায়াতও ভেতরে ভেতরে দল গোছানোর চেষ্টা করছে।

প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক কিছু পরিবর্তনও লক্ষ্য করছেন পর্যবেক্ষকরা। রাজনৈতিক দলগুলো নির্বাচনী গণতন্ত্র চাইলেও নিজেদের দলের ভেতর গণতন্ত্র প্রতিষ্ঠায় কখনই তেমন কোনো আগ্রহ প্রকাশ করেনি। তবে প্রধান রাজনৈতিক দলগুলোতে এক ধরনের গণতন্ত্রের আওয়াজ পাওয়া যাচ্ছে। এবং কোনো ধরনের দৃশ্যমান-অদৃশ্যমান চাপ ছাড়াই তা ঘটছে।

কয়দিন আগেই ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করেছে সিলেট জেলা এবং মহানগর বিএনপি। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত ওই নির্বাচন চমক তৈরি করেছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে নতুন নেতৃত্ব নির্বাচনের এ কাউন্সিলে হয়নি কোনো ধরনের হাঙ্গামা, হট্টগোল। সবপক্ষই নির্বাচনের ফল মেনে নিয়েছে। আরও কয়েকটি জেলাতেও ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছে বিএনপি।

এতে দলটির ভেতরে একধরনের আশাবাদ তৈরি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে তার বিরোধীরা অভিযোগ করে থাকেন, তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ নেই। কিন্তু কাউন্সিল উপলক্ষে জেলা থেকে জেলায় ছুটছেন তিনি। অন্যদিকে, কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে বিএনপির গঠনতন্ত্রেও পরিবর্তন আনা হয়েছে।

চেয়ারম্যান পদের পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচনের বিধান করা হয়েছে। পর্যবেক্ষকরা খেয়াল রাখছেন, তৃণমূল বিএনপিতে যে গণতন্ত্রের ঢেউ লেগেছে তা গুলশান বা নয়াপল্টনে এসে পৌঁছায় কি-না। মহানগর-জেলা কমিটির মতো বিএনপির কেন্দ্রীয় কমিটিও যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয় তবে তা রাজনীতিতে এক নতুন নজিরই স্থাপন করবে।

বাংলাদেশে এবারই প্রথম ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন দলীয় ভিত্তিতে হতে যাচ্ছে। এ নির্বাচনে মনোনয়নের ক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপি তৃণমূল নেতাদের গুরুত্ব দেয়ার ঘোষণা দিয়েছে। বলা হয়েছে, তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই মনোনয়ন দেয়া হবে প্রার্থীদের। এটিকেও রাজনীতির একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে চিহ্নিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের রাজনীতিতে গত কয়েক বছরে ক্রমশ শক্তিশালী হয়েছে কেন্দ্র। বিশেষ করে ব্যবসায়ীরা দিনকে দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ভোটারবিহীন অথবা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে কোনো নির্বাচনেই মনোনয়নের ক্ষেত্রে ব্যবসায়ীরা গুরুত্ব পেয়ে আসছেন। অর্থ এক্ষেত্রে একটি বড় ভূমিকা রাখে বলে অনেকেই মনে করেন। দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করেও বঞ্চিত হন তৃণমূলের নেতারা। শক্তিশালী গণতন্ত্রের জন্য তৃণমূলের রাজনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কাউন্সিলকে সামনে রেখে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগেও পরিবর্তনের আওয়াজ শোনা যাচ্ছে। যদিও নেতৃত্বে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সরকারের মধ্যে বিলীন হয়ে যাওয়া দলকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। যেন রাজনীতির গুরুত্বপূর্ণ সময়ে দল প্রয়োজনীয় ভূমিকা রাখতে পারে। পর্যবেক্ষকরা বলছেন, বাংলাদেশে সবচেয়ে ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও বিগত সময়ে সরকারের ক্রান্তিলগ্নে আওয়ামী লীগ তেমন কোনো ভূমিকা পালন করতে পারেনি। যে কারণে দল শক্তিশালী করার বিষয়টি নীতিনির্ধারকদের সর্বোচ্চ বিবেচনায় রয়েছে।

কাউন্সিলকে সামনে রেখে জাতীয় পার্টির রাজনীতিতে এরই মধ্যে ওলটপালট ঘটে গেছে। যদিও হুসেইন মুহম্মদ এরশাদের নেয়া পদক্ষেপ এক্ষেত্রে কোনোভাবেই গণতান্ত্রিক ছিল না। তার ছোট ভাই জিএম কাদেরকে তিনি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। যদিও দলটির গঠনতন্ত্রে এ ধরনের কোনো পদ নেই। মহাসচিব পদেও পরিবর্তন এনেছেন এরশাদ। জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে সরিয়ে ফের দলের মহাসচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে রুহুল আমিন হাওলাদারকে। জাতীয় পার্টিতে ক্ষমতার লড়াই এখন অনেকটাই স্পষ্ট। তবে কারও কারও সন্দেহ এ লড়াই সাজানো হতে পারে।

জামায়াতের প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ। আইনতও দলটি নিষিদ্ধ হওয়ার অপেক্ষায় রয়েছে। তবে এ পরিস্থিতিতেও ভেতরে ভেতরে দল গোছানোর চেষ্টা করছে জামায়াত। নানা বিকল্প নিয়ে দলটিতে কাজ হচ্ছে। নিষিদ্ধ ঘোষণা করা হলে কী করা হবে তা নিয়ে দলটির নেতারা দীর্ঘদিন ধরেই পর্যালোচনা করে আসছেন। কর্মপরিকল্পনাও তৈরি করেছেন তারা।

তবে দলের  ভেতরে আনুষ্ঠানিকভাবে তা নিয়ে এখনও আলোচনা হয়নি।

বাংলাদেশের সংবিধানে ওলটপালট হয়েছে বারবার। তবে ১৯৭২ সালে প্রণিত সংবিধানের ওপর বঙ্গবন্ধুর বিশাল ব্যক্তিত্বের ছাপ পড়েছিল। দেশের রাজনৈতিক দলগুলো যখন নিজেদের গঠনতন্ত্র তৈরি করে তখন দল ছাপিয়ে ব্যক্তিই প্রধান হয়ে ওঠে। যে কারণে কোনো রাজনৈতিক দলের গঠনতন্ত্রই পুরো গণতান্ত্রিক চরিত্র পায়নি। রাজনৈতিক দলগুলো তা অনুসরণেরও প্রয়োজন মনে করে না। আশার কথা হচ্ছে, নিম্নস্বরে হলেও গণতন্ত্রের আওয়াজ পাওয়া যাচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি